3:48 pm , September 22, 2022
বিশেষ প্রতিবেদক ॥ পশ্চিম জোন বিদ্যুৎ বিতরণ কোম্পানী-ওজোপাডিকো’র সাথে দেনা পাওনার দ্বন্ধে দুদিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর রাস্তার বাতি জ¦লেছে। ফলে দুই রাতের ভুতূড়ে পরিবেশের অবসান হয়েছে। নিরাপত্তাহীন নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে নগরীর বরিশাল ক্লাবে বিভাগীয় কমিশনারের মধ্যস্ততায় একটি সমঝোতা সভা হওয়ার কথা রয়েছে। ওজোপাডিকো’র প্রধান প্রকৌশলী ওই সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের স্ট্রিট লাইট ও পানির পাম্প সহ বিভিন্ন স্থাপনার বকেয়া বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৬০ কোটি টাকা পরিশোধে মন্ত্রনালয়ের নির্দেশে গত ৮ আগষ্ট নোটিশ দেয় ওজোপাডিকো। পরে নগর ভবন থেকে প্রায় ৭৮ লাখ টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট অর্থ পরিশোধে কোন ধরনের পদক্ষেপ গ্রহন না করায় মঙ্গলবার দুপুরে ওজোপাডিকো নগরীর ৪৮টি ষ্ট্রিট লাইট সংযোগের ১৫টি বিচ্ছিন্ন করে দেয়।
তবে বিষয়টি নিয়ে নগর ভবন ও ওজোপাডিকো’র তরফ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। বুধবার রাতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তার বাস বাসভবনে সাংবাদিকদের সম্মেলনে পরিস্থিতির জন্য ওজোপাডিকো’র দায়িত্বশীলদের দায়ী করেছেন। বকেয়া প্রায় ৮০ লাখ টাকা পরিশোধের পরেও সিটি করপোরেশনের রাস্তার বাতির সংযোগ বিচ্ছিন্ন করাকে জনস্বার্থ বিরোধী বলেও দাবী করে অবিলম্বে তা পুনর্বহালের দাবী জানায় নগর ভবনের দায়িত্বশীল মহল। এ ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রনালয়ে যোগোযোগের কথাও জানান তিনি। বিষয়টিকে অমানবিক ও জনস্বার্থ বিরোধী বলেও মনে করছে নগর ভবন । এবং জনগনের নিরাপত্তাহীনতার বিষয়টি চিন্তা করে এই অমানবিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান বিসিসি কর্তৃপক্ষ।
তবে এ ব্যাপারে ওজোপাডিকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারিকুল ইসলামের সাথে আলাপ করা হলে তিনি জানান, বিদ্যুৎ ও জ¦ালানী মন্ত্রনালয়ের নির্দেশে গত ৮ আগষ্ট বরিশাল সিটি কর্পোরেশনের কাছে বকেয়া প্রায় ৫৯ কোটি টাকা পরিশোধে নোটিশ দেয়া হয়েছিল। নোটিশ প্রাপ্তির পরে নগর ভবন থেকে প্রায় ৭৮ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতও করা হয়েছে। বকেয়া আদায়ে সরকারের কঠোর অবস্থানের প্রেক্ষিতে ও নির্দেশেই সিটি কর্পোরেশনের স্ট্রিট লাইটের প্রায় ৪৮টি সংযোগের মধ্যে মাত্র ১৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ওজোপাডিকো’র মতে, প্রতিমাসে বরিশাল সিটি কর্পোরেশনের রাস্তার বাতি ও পানির পাম্পসহ বিভিন্ন সংযোগের বিপরীতে প্রায় ৪৫ লাখ টাকার বিদ্যুৎ ব্যবহার করে থাকে। তবে গত প্রায় ৫ বছরে নগর ভবন থেকে ওজোপাডিকো’র হোল্ডিং ট্যাক্স ও বিভিন্ন দাবী সমন্বয়সহ প্রায় পৌনে ২ কোটি টাকার মত পরিশোধ করা হয়েছে। ফলে বকেয়ার পরিমান প্রতিমাসেই বেড়ে এখন প্রায় ৬০ কোটির কাছে পৌঁছেছে।
উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশনের থেকে অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভার কাছে বেশী বকেয়া থাকা সত্ত্বেও শুধুমাত্র বরিশাল সিটি কর্পোরেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
