4:55 pm , March 11, 2026
বিশেষ প্রতিবেদক ॥
বরিশাল সিটি করপোরেশেনের পরিচ্ছনতাকর্মীদের দায়িত্ব পালনে অবহেলায় মহানগরীর ময়লা আবর্জনা অপসারণ সহ পয়:নিস্কাশন ব্যবস্থা অচলাবস্থার সম্মুখীন। গত কয়েকদিন ধরে নগরভবনের দৈনিক মজুরী ভিত্তিক ৭ শতাধিক পরিচ্ছন্নতাকর্মী ঈদ বোনাসের দাবীতে নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সহ নানা কর্মসূচী পালন করছে। কর্তৃপক্ষের দাবী-এসব দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীরা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কাজ করছে। ‘না কাজ না বেতন’ ভিত্তিক এসব শ্রমিকদের বোনাস দেয়ার কোন আইনগত বিধান সহ নিয়মও নেই। সুতরাং তাদের বোনাস দেয়ার ক্ষমতা নগর কর্তৃপক্ষের নেই।
অপরদিকে এসব পরিচ্ছন্নতা কর্মীরা বোনাসের দাবীতে নানামুখি আন্দোলনের পরে গত দু’দিন ধরে নগরীর ময়লা আবর্জনা পরিস্কারে ‘ধীরে চলো’ নীতি অবলম্বন করছে। ফলে নগরীর রাস্তার পাশে আবর্জনার স্তুপ ক্রমশ বড় হচ্ছে। ঈদের যানজটের মধ্যে রাস্তার ধারের ময়লা আবর্জনার স্তুপ নগরবাসীর জন্য নতুন বিড়ম্বনা তৈরী করছে।
দুর্গন্ধময় পরিবেশ রোজাদার নগরবাসীদের জীবন অনেকটাই ওষ্ঠাগত।
বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করা হলে তিনি জানান, এসব দৈনিক মজুরী ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের দৈনিক সাড়ে ৭শ টাকা করে বেতন প্রদান করা হয়। কিন্তু তাদের বোনাস দেয়ার সরকারি কোন বিধান নেই। কে এবং কিসের ভিত্তিতে কোন তহবিল থেকে তাদের বোনাস দেবে, তা আমাদের জানা নেই। আমরা তাদের সাথে বেশ কয়েকবারই আলাপ আলোচনার চেষ্টা করছি। কিন্তু এখন তারা ৭দফা দাবী নিয়ে ধীরে চলো নীতি গ্রহন করেছে। প্রধান নির্বাহী কর্মকর্তা জনস্বার্থে এসব পরিচ্ছন্নতা কর্মীদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে সচেতন নগর কর্তৃপক্ষ সরকারি বিধি বিধান মত কাজ করবে বলেও জানান।
