4:56 pm , March 11, 2026
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬ পিস ইয়াবা ও নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ এনামুল হাওলাদার (৪৮) নামে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত এনামুল হাওলাদার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হাওলাদারকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৬ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, ঘটনাটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
