3:23 pm , September 18, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. একেএম জাহাঙ্গীর। রোববার এ পদে স্বতন্ত্র প্রার্থী প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন বলে জেলা নির্বাচন অফিসার জানিয়েছেন। চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় একেএম জাহাঙ্গীরই জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। বরিশাল জেলা নির্বাচন অফিসার নুরুল আলম জানান, জেলা পরিষদ চেয়ারম্যান পদে আসাদুজ্জামান নামে এক প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছিলেন। তিনি রোববার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন।
নুরুল আলম বলেন, নিয়ম অনুযায়ী তাকে এখনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা যাবে না। আগামী ২৫ সেপ্টেম্বর মনোয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। তার পরের দিন তাকে নির্বাচিত ঘোষনা করা হবে।
তিনি আরো জানান, গতকাল রোববার বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। নির্বাচনে ১০ জন সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫৮টি মনোনয়ন পত্র জমা পড়েছিল। এর মধ্যে তিন জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বর্তমানে চূড়ান্ত প্রার্থী হচ্ছে ৫৫ জন।
এছাড়া সংরক্ষিত চার সদস্য পদের বিপরীতে মনোনয়ন জমা পড়ে ১৪টি। সকল মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে প্রার্থীরা উপস্থিত ছিলেন। বরিশাল জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার হচ্ছে ১ হাজার ২২৭ জন।
