3:46 pm , September 14, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ দরপত্র জমা দেয়া নিয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঠিকাদারদের মধ্যে হাতাহাতি হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। বরিশাল জেলা পুলিশের রেঞ্চ রির্জাভ ফোর্স কার্যালয়ে ৩৩ লক্ষ টাকার কাজ নিয়ে এই ঘটনা ঘটে। ঠিকাদার তপু হক অপর ঠিকাদার রেজাউল করিম মিলন ও মেহেদী হাসান সুমনের উপর এই হামলা চালায়। এরপর দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এসময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এর ৩৩ লাখ টাকার একটি পানির লাইনের কাজের জন্য দরপত্র আহ্বান করে গণপূর্ত। সেখানে খান বিল্ডার্স এর সত্ত্বাধিকারী মিজানুর রহমান দরপত্র দাখিল করে। কিন্তু কেন মিজানুর এই দরপত্র জমা দিয়েছে এই নিয়ে মিজানের ছোটভাই ঠিকাদার মিলনকে মারধর করে ঠিকাদার তপু। এসময় অপর ঠিকাদার সুমন আসলে তাকেও নাজেহাল করে ঠিকাদার তপু ও তমাল। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঠিকাদার তপু বলেন, আরআরএফ এর এই কাজের ফাইল ডিপিপি থেকে পাশ করিয়েছি। ঠিকাদার মিজানকে আমি বলেছি যেন দরপত্র জমা না দেয়। কিন্তু সে দিয়েছে। মিজান পুরো অফিস জিম্মি করে ফেলেছে। সিন্ডিকেট করে সব কাজ বিএনপি’র লোকজনের কাছে বিক্রি করে। এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। এই বিষয়ে ঠিকাদার মিজানুর রহমান বলেন, শুনেছি আমার ভাইকে তপু ও তমাল মারধর করেছে। পাশাপাশি সিনিয়র ঠিকাদার সুমনকেও গালাগালি করেছে। অনলাইনে এখন টেন্ডার দেই। বাসায় বসেই দেয়া যায়। আমি টেন্ডার দিয়েছি তাই আমাকে নিয়ে গালাগালি করছে। আমার ভাইকে মারধর করেছে। গণপূর্ত বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী কামরুল হাছান বলেন, বাহিরে হৈ চৈ হয়েছে। তবে কি কারণে হয়েছে তা আমার জানা নেই। কেউ কোন অভিযোগও করেনি।
