2:46 pm , January 22, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়া এলাকায় র্যাবের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটকৃতরা হলো- নগরীর রুপাতলি এলাকার বাসিন্দা মো. সুলতান আকনের পুত্র মো. মিলন আকন (৩৫) ও নলছিটি থানার গায়ালকাঠি গ্রামের বাসিন্দা মৃত আফছার আলী খানের পুত্র মো. মকবুল হোসেন খান (৬০)।
র্যাব-৮ সদর দপ্তর থেকে দেয়া ই-মেইল বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নলছিটি থানা এলাকার বরিশাল-পটুয়াখালী সড়কের দপদপিয়ার খয়রাবাদ ব্রীজে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মিলন ও মকবুল হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এদের দেহ তল্লাসী করলে ১৭৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
আটকদের বিরুদ্ধে বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. ইসমাইল হোসেন বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
