4:44 pm , May 6, 2026
বিশেষ প্রতিবেদক ॥
বরিশালের পরেশ সাগর মাঠে চলছে মাসব্যাপী বাণিজ্য মেলার প্রস্তুতি। একইসময় সন্ধ্যার পর বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধে সরকারের কঠোর নির্দেশ চলমান রয়েছে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তা না হলে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পরবে বাংলাদেশ। বরিশাল নগরীতে ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ বাসা-বাড়ির মানুষ।
এমন পরিস্থিতিতে বরিশালের পোশাক ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে আরো দু ঘন্টা সময় চেয়ে আবেদন করা হয়েছে। সবমিলিয়ে বিদ্যুৎ এর ভয়াবহ সংকট, এসএসসি পরীক্ষা এবং বৈশাখী ঝড়ো হাওয়াসহ বর্জ্রপাত বৃষ্টিতে বাণিজ্য মেলার প্রস্তুতিতে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে ১৬ নং ওয়ার্ড সংলগ্ন পরেশ সাগর মাঠের নিকট দূরত্বে বেশ কয়েকটি স্কুল থাকায় ইতিমধ্যেই মেলার কার্যক্রমে বাধা প্রদান করেছেন ১৬ নং ওয়ার্ডের বাসিন্দারা। যদিও সরজমিনে ৬ মে বুধবার সকালে পরেশ সাগর মাঠের বাণিজ্য মেলার জন্য প্রস্তুতি চলতে দেখা গেছে। তবে এখনো কোনো স্টল প্রস্তুত হয়নি। বাঁশ বসিয়ে সীমানা নির্ধারণ ও উত্তর পাশে টিনের বেড়া তৈরির কাজ চলমান দেখা গেছে। দায়িত্বরত একজন ব্যবসায়ী জামাল জানালেন, এখানে শতাধিক স্টল নিয়ে আগামী ১০/১২ মে থেকে এই মেলার উদ্বোধন প্রস্তুতি নিয়ে আমরা কাজ করছি। তবে এ সম্পর্কে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি এবায়দুল হক চান বিস্তারিত বলতে পারবেন। একইসময় মেলার প্রস্তুতি দেখতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, বরিশালের পরশ সাগর মাঠে বাণিজ্য মেলা হবে এটা খুবই আনন্দের। তবে এটি এসএসসি পরীক্ষা শেষে হলে সবচেয়ে ভালো হবে বলে জানান তারা।এদিকে বৃষ্টির কারণে বারবার কাজ পিছিয়ে যাচ্ছে এবং বিদ্যুৎ সংকটের কারণে সন্ধ্যার পর কোনো কাজ করা সম্ভব হয়না বলে জানান নির্মাণ শ্রমিকরা ।বিষয়টি সম্পর্কে জানতে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি বিএনপি নেতা এবায়দুল হক চান এর সাথে কথা বলতে গেলে তিনি বলেন, এটি এখন পর্যন্ত দিন তারিখ নির্ধারণ হয়নি। মেলা উদ্বোধনের আগে অবশ্যই সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হবে। দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এসময় আশংকা প্রকাশ করেন তিনি। এদিকে সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণায় বরিশালের ব্যবসায়ী মহলের মধ্যে চরম উদ্বেগ ও উত্তেজনা চলছিল। তারাও জড়ো হয়েছেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে। তাদের অভিযোগ পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা হচ্ছে ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মাস। এসময় সন্ধ্যার দোকানপাট বন্ধের সরকারি ঘোষণা তাদের নিঃস্ব করে দেবে বলে অভিযোগ। এবিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আরো দু’ঘন্টা সময় বাড়ানোর দাবী করেন বরিশালের পোর্ট রোড ও চকবাজারের ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি রহিম শেখ। তিনি বলেন, আমরা ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর সময় বাড়ানোর আবেদন করেছি। বরিশালের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ সারাদেশের ব্যবসায়ী সংগঠন থেকেও একই দাবী ও সুপারিশ হয়েছে বলে জানান তিনি।
