কক্সবাজারে অচেতন অবস্থায় পাওয়া গেছে কিশোর শান’কে  কক্সবাজারে অচেতন অবস্থায় পাওয়া গেছে কিশোর শান’কে  - ajkerparibartan.com
কক্সবাজারে অচেতন অবস্থায় পাওয়া গেছে কিশোর শান’কে 

4:38 pm , May 6, 2026

বিশেষ প্রতিবেদক ॥
বরিশালের ভাটিখানা এলাকা থেকে নিখোঁজ হওয়া সৌরভ দাস শানকে অবশেষে কক্সবাজারের ঈদগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। সাদা কাগজে লেখা ঠিকানা পড়তে গিয়েই সে অজ্ঞান হয়ে পড়েছিল বলে পুলিশকে জানিয়েছে শান। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।উদ্ধার হওয়া কিশোরের নাম সৌরভ দাশ শান ভাটিখানা এলাকার সজল দাশ ও মিতু দাশের বড় ছেলে। সে বরিশালের কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সৌদি প্রবাসী। শান জানায়, গত শনিবার (২ মে) রাত ১০টায় খিচুরি কেনার জন্য ৫০০ টাকা তুলতে সে বাসা থেকে বের হয়ে একটি বিকাশের দোকানে যায়। এরপর সে ৮ হাজার টাকা তুলে। টাকা তুলে সামনের একটি দোকান থেকে খিচুড়ির অর্ডার দিয়ে রাস্তায় হাঁটছিল সে। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি তাকে একটি সাদা কাগজে লেখা ঠিকানা পড়তে বলেন। ওই ঠিকানা পড়ার পর পরই চোখের সামনে অন্ধকার নেমে আসে। এরপর জ্ঞান হারিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে, তাকে অজ্ঞান করতে ‘শয়তানের নিশ্বাস’ বা স্কোপোলামিন জাতীয় কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। অজ্ঞান অবস্থায় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও বিকাশের সেই সাড়ে আট হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।এরপর চার দিন তার আর কোনো স্মৃতি নেই। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ২টার দিকে কক্সবাজারের ঈদগাঁও ব্রিজ এলাকায় সে অচেতন অবস্থায় পড়ে ছিল। স্থানীয় এক নারী ও পুরুষ তাকে উদ্ধার করে ঈদগাঁও থানায় নিয়ে যান। পুলিশ তাকে খাবার ও চিকিৎসা দেয়ার পর সে কিছুটা সুস্থ বোধ করে। কক্সবাজার ঈদগাহ থানার উপ-পরিদর্শক (এসআই) সুনিল বড়ুয়া জানান, রাত ২ টার দিকে ঈদগাহ এলাকায় ক্লান্ত অবস্থায় সৌরভকে দেখে স্থানীয় দোকানিদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংগতি পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।সৌরভ বর্তমানে সুস্থ রয়েছে এবং কথা বলছে। তার পকেটে দূরপাল্লার বাসের দুটি টিকিট এবং মাত্র ১০ টাকা পাওয়া গেছে।পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানিয়েছে- একজন অপরিচিত লোক তার কাছে ঠিকানা জানতে চেয়েছিল, এরপর তার আর কিছু মনে নেই। এটি মূলত ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের কাজ বলে আমাদের ধারণা।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, ছেলেটি বিস্তারিত কিছু বলতে না পারায় গুগলের সাহায্যে তার দেয়া সম্ভাব্য এলাকার তথ্য যাচাই করা হয়। পরে বরিশালের কাউনিয়া থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।তার পকেট থেকে ‘ব্লুবার্ড ট্রাভেলস’-এর দুটি বাসের টিকিট পাওয়া গেছে। এর মধ্যে একটি টিকিটে গত রোববার (৩ মে) রাত ৯টা ১৫ মিনিটে বিরামপুর যাওয়ার কথা উল্লেখ রয়েছে এবং শানের নাম লেখা আছে। সেখানে একটি ১০ ডিজিটের অসম্পূর্ণ মোবাইল নম্বরও দেয়া আছে। অন্য টিকিটটিতে গন্তব্য দিনাজপুর লেখা থাকলেও নাম বা নম্বর নেই। পুলিশ ধারণা করছে, নিখোঁজ হওয়ার পর তাকে দিনাজপুর ও বিরামপুরেও নেয়া হয়েছিল।ওসি আরও জানান, কিভাবে এবং কারা শানকে অচেতন করল তা তদন্তের পর জানা যাবে। শানের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন এবং পৌঁছালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুরো ঘটনার মূল রহস্য উদঘাটনে কক্সবাজার ও বরিশাল পুলিশ যৌথভাবে কাজ করছে।ছেলের ফিরে আসার খবরে দীর্ঘ চারদিনের উৎকণ্ঠা শেষে স্বস্তি ফিরেছে সৌরভের পরিবারে। সৌরভের মা মিতু রাণী দাস জানান, ঘটনার দিন সাড়ে আট হাজার টাকা তুলে খিচুড়ির অর্ডার দিয়ে দোকানের সামনে অপেক্ষা করার সময় এক ব্যক্তি তার কাছে ঠিকানা জানতে চায়। এরপর সে জ্ঞান হারায়।তিনি আরও বলেন, আমার ধারণা ছিল সৌরভকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরিয়ে আনতে আমার ভাইকে কক্সবাজারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।বর্তমানে তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT