4:39 pm , May 6, 2026
নিজস্ব প্রতিবেদক ॥বাবার সাথে নাস্তা কিনতে বের হয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পৃথা সাহা (৩) নামে এক শিশুর।গতকাল বুধবার সকাল ১০ টায় বরিশাল মহানগরীর ভাটিখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতবস্থায় শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করে।নিহত শিশু পৃথা সাহা ভাটিখানার সাহাপাড়া এলাকার বাসিন্দা শান্ত সাহার মেয়ে।বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ জানান, শিশুটি সকালে তার বাবার সাথে নাস্তা কিনতে বের হয়েছিল এসময় স্কুলের সামনের সড়কে একটি অটো ভাটিখানা বাজারের দিকে যাচ্ছিল। শিশুটি রাস্তা পার হতে গেলে অটোটি শিশুটিকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে সে মারা যায়। এদিকে অটোর ধাক্কায় শিশুর মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে উঠে। তারা তাৎক্ষনিক রাস্তার উপরে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। স্থানীয়রা জানান, ভাটিখানা সড়কে তিনটি বিদ্যালয় রয়েছে। বেপরোয়া গতির যানের কারনে প্রায়শই দূর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে সড়কের উপর স্প্রিড ব্রেকার নির্মানের দাবি জানান। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ বলেন, এ ঘটনায় অটোচালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
