বাকেরগঞ্জে কিশোর সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাকেরগঞ্জে কিশোর সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
বাকেরগঞ্জে কিশোর সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

3:14 pm , October 17, 2025

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে বোয়ালিয়ার মূর্তিমান আতংক কিশোর সন্ত্রাসী, চাঁদাবাজ রনি খান ও ইসমাইল সিকদার গংদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বোয়ালিয়া বাজার সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নবীন খান ফয়সাল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম ডাকুয়া, আহত তুহিনের স্ত্রী মিতু আক্তার, যুবদল নেতা শামীম তালুকদার, হুমায়ুন খান, সাবেক ইউপি সদস্য আলম খান।
মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাবুল খানের ছেলে কিশোর গ্যাং লিডার রনি খান ও তার সহযোগী ইসমাইল সিকদার এলাকার মূর্তিমান আতংক। গত বুধবার রাতে নিজ বাড়ীতে যাবার পথে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক তুহিন আকনকে হত্যার উদ্দেশ্যে কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজ রনি খান ও ইসমাইল সিকদারসহ ১০-১২ জন হামলা করে মারধর ও রক্তাক্ত জখম করে। এ হত্যা চেষ্টার ঘটনায় আহত তুহিন বাদি হয়ে বৃহস্পতিবার বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যাচেষ্টার দুইদিন পেরিয়ে গেলেও পুলিশ এখন  পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে করেনি। উল্টো মিথ্যা ঘটনা সাজিয়ে আহত তুহিনের নামে আরেকটি মামলা করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা তুহিনকে হত্যাচেষ্টাকারী কিশোর গ্যাং লিডার রনি খান ও তার সহযোগী ইসমাঈল সিকদার কে গ্রেফতার করতে হবে। অন্যথায় সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বরিশাল জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে এলাকাবাসী অনতিবিলম্বে তুহিনকে হত্যার ইন্ধনদাতা  জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান খান রুবেলকে বহিষ্কারের দাবি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT