2:57 pm , October 22, 2020
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় মানসিক ভারসাম্যহীন বশির মুন্সি (৩৮) নামে এক যুবককে বুধবার রাতে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বশির উপজেলার শাখারীকাঠী গ্রামের আঃ ছালাম মুন্সীর ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, দুই সন্তানের জনক বশির প্রায় ৫ বছর পূর্বে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর বশিরের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যায়। একপর্যায়ে বশিরের স্ত্রী চট্টগ্রামে গিয়ে গার্মেন্টেসে চাকুরী নেয়। স্থানীয় ইউপি সদস্য মিলন মোল্লা জানান, বশির মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার পর এলাকার বিভিন্ন ঘর থেকে প্রায়ই কাপড়-চোপড়সহ বিভিন্ন জিনিস পত্র চুরি করত। এনিয়ে বুধবার দুপুরে স্থানীয় লোকজন তাকে মারধরও করে। মানসিক ভারসাম্যহীন বশির রাতে বসত ঘরে বসে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন বশিরের ঘরে গিয়ে তার গলাসহ শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পায়। পরে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বশিরের অবস্থার অবনতি ঘটলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আজম মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
