বর্তমান সরকার কৃষকবান্ধব : প্রশাসক শিরীন বর্তমান সরকার কৃষকবান্ধব : প্রশাসক শিরীন - ajkerparibartan.com
বর্তমান সরকার কৃষকবান্ধব : প্রশাসক শিরীন

4:21 pm , May 4, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় সোমবার সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামারবাড়ি চত্বরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করা হয়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এ মেলার উদ্বোধন করেন।
সুস্থ জীবন ধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম উল্লেখ করে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন, ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিজেদের কৃষিপণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। সবজি চাষের সনাতন পদ্ধতির পাশাপাশি এখন অনেকেই বাড়ির ছাদে শাক-সবজি চাষ করছেন। কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষকদের কৃষি ঋণ মওকুফ করেছে।
আধুনিক প্রযুক্তি কৃষিতে বিপ্লব এনেছে উল্লেখ করে তিনি বলেন, উন্নতমানের কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে ফসল উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস করার পাশাপাশি সময় সাশ্রয় হচ্ছে। উচ্চ ফলনশীল এবং সংকর জাতের বীজ ব্যবহারের ফলে ধান, ডাল, তেল ও মসলা জাতীয় ফসলের উৎপাদন কয়েকগুণ বেড়েছে। ই-কৃষি ব্যবহারের মাধ্যমে কৃষকেরা আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই ও বাজারদর সম্পর্কে তাৎক্ষনিক তথ্য পাচ্ছেন। এধরণের মেলার প্রচার এবং সময়কাল আরও দীর্ঘ করতে পারলে প্রান্তিক পর্যায়ের কৃষকরা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরও অবগত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত উপপরিচালক মো: শহিদুল ইসলাম ও মো: মামুনুর রহমান, উপজেলা কৃষি অফিসারসহ স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরে একাধিক স্টল স্থাপন করা হয়েছে। এতে ছাদ বাগান, পুকুর পাড়ে কৃষি পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিসহ বিভিন্ন প্রজাতির ফসল প্রদর্শন করা হয়। মেলা ৪-৬ মে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পযর্ন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT