2:20 pm , April 14, 2020
আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামে একটি পুকুরে অজ্ঞাত দুস্কৃতকারীরা বিষ দিয়ে শত শত মাছ মেরে ফেলছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পুকুর মালিকের। জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের জাফর সিকদারের পুকুরে বিষ দিয়ে তার চাষকৃত বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ মেরে ফেলছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা। মঙ্গলবার সকালে জাফর সিকদারের স্ত্রী রেবেকো (৪৫) পুকুর পাড়ে গিয়ে দেখতে পান তার পুকুরের চাষকৃত মাছ মরে ভেসে উঠেছে। পুকুর মালিক জাফর সিকদার বলেন, আমাদের ধারণা শত্রুরা ক্ষতি সাধনের জন্য পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলছে। তিনি আরো বলেন ৩১ মার্চ ২ টার সময় জমি জমা ও পূর্ব বিরোধকে কেন্দ্র একই এলাকার ফোরকান সিকদার(৪২) রাজ্জাক সিকদার(৪৫) কাদের সিকদার (৫৫) আলম সিকদার (৩৫) মাসুদ সিকদার(৩২) সহ একদল সন্ত্রাসী আমাকে মারধর করে। এ ঘটনায় আমার স্ত্রী রেবেকা(৪৫) বাদী হয়ে ৫ এপ্রিল আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার আসামীরা আমার ক্ষতি সাধনের জন্যই আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি। আমতলী থানার পরিদর্শক মো. শাহআলম মুঠোফোনে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রকৃত দুস্কৃতকারীকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
