2:49 pm , October 26, 2019
মোঃ আফজাল হোসেন, ভোলা ॥ ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়া হয়েছে। কমিটির প্রধান ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহমুদুর রহমান গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। বেলা সাড়ে ১১টায় তদন্ত কমিটির প্রধান ভোলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহমুদুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা জেলা প্রশাসক এর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এ বিষয় জেলা প্রশাসক মোহাম্মদ আলম ছিদ্দিক তদন্ত প্রতিবেদন জমা নেয়ার ঘটনর সত্যতা স্বীকার করে বলেন, আমরা এই রিপোর্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিব। সেখান থেকে প্রকাশ করা হবে। তার আগে আমরা কিছুই বলতে পারবো না।
এদিকে, সংঘর্ষের ঘটনায় নিহত ৪ পরিবারকে ৫ লক্ষ টাকা করে ২০ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। দুপুরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল নিহতদের পিতা-মাতার হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন। এর আগে এমপি আলী আজম মুকুল বোরহানউদ্দিন উপজেলায় তার নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে জানান, ভোলার অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এমপি আলী আজম মুকুল বলেন, ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত টিমের তদন্ত রিপোর্ট জমা দেয়া হয়েছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত টিমের রিপোর্ট অচিরেই পাওয়া যাবে। পুরো ঘটনাটিকে নিয়ে গভীর পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় এমপি মুকুল দোষীদের খুজে বের করার ক্ষেত্রে সাংবাদ মাধ্যমের সহায়তাও কামনা করেন। তিনি আরো বলেন,এখানে শোনা যাচ্ছে ছাত্রদলের ছেলেরাও জড়িত রয়েছে। তবে তদন্তে সব বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া ছাত্রলীগ জড়িত ছিলো এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি কোন উল্টর না দিয়ে বিষয়টি এরিয়ে যান।
ভোলা সর্ব দলীয় মুসলিম ঐক্য পরিষদের ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে এমপি মুকুল বলেন, নিহতদের পরিবারকে মানবিক সহায়তা করা হয়েছে। আহতদেরকে চিকিৎসা সাহায়তা দেয়াসহ সব গুলো দাবিই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
