3:09 pm , April 9, 2019
গলাচিপা প্রতিবেদক ॥ গলাচিপায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে হেলে পড়ে থাকায় যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে। এ খুঁটির সাথে সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় শর্ট সার্কিট ঘটে ভয়াবহ অগিকান্ডের আশংকা করছেন এলাকাবাসী। স্টীলের তৈরি বিদ্যুতের এ খুঁটির মাটির নিচের অংশ মরিচা ধরে ভেঙ্গে হেলে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে প্রায় দীর্ঘ ৭/৮ বছর ধরে। উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বিলের মাঝে সরু রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিটি ভাঙ্গা অবস্থায় এখনও হেলে পড়ে রয়েছে। এ যেন দেখার কেউ নেই। বেওয়ারিশ এ খুঁটিটির উত্তর পাশেই অবস্থিত ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে প্রতিনিয়ত আতংক আছে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী, কৃষিক্ষেতে কর্মরত চাষীসহ সাধারণ জনগণ । এ ভাবে চলতে থাকলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন যে কেউ। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারনে নতুন খুঁটি স্থাপন করা হচ্ছে না বলে এলাকাবাসী মনে করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য হাজী মো. রাকিব মোল্লা বলেন, আসলেই খুঁটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অতিদ্রুত নতুন খুঁটি স্থাপন না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা উপজেলা জোনাল অফিস এর ডিজিএম মো. আনোয়ারুল ইসলাম জানান, আমি এ এলাকায় নতুন এসেছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
