বরিশাল-৩ আসনে ভোটের জোয়ারে ফিরল বিএনপি বরিশাল-৩ আসনে ভোটের জোয়ারে ফিরল বিএনপি - ajkerparibartan.com
বরিশাল-৩ আসনে ভোটের জোয়ারে ফিরল বিএনপি

3:49 pm , February 14, 2026

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিবেদক ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ প্রায় দুই যুগের রাজনৈতিক অপেক্ষার অবসান ঘটিয়ে বরিশাল-৩ আসন পুনরুদ্ধার করল বিএনপি।
দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁঁইয়া ঈগল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। ফলে প্রায় ১৯ হাজার ৭৩৮ ভোটের ব্যবধানে বড় জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত চূড়ান্ত বার্তায় এই ফলাফল জানানো হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল-৩ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩২ হাজার ৯৭ জন। এরমধ্যে ১ লাখ ৭৭ হাজার ৭১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম হাতপাখা প্রতীকে পান ১৬ হাজার ৩২৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীকে পান ১৪ হাজার ১৮৪ ভোট গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচএম ফারদিন ট্রাক প্রতীকে পান ৮৬০ ভোট। বাসদের প্রার্থী আজমুল হাসান জিহাদ মই প্রতীকে পান ২১৪ ভোট। এছাড়া এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ৩০৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৪০ হাজার ৬৩৬টি।
মুলাদী উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী কামাল হোসেন বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন মঙ্গু সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে টানা চারবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু জয়ী হলে আসনটি হারায় বিএনপি। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি এবং ২০১৮ সালেও এ আসনে জয় পায়নি। অবশেষে প্রায় ২৫ বছর পর পুনরায় আসনটি নিজেদের দখলে নিল দলটি।
বিজয় ঘোষণার পর অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বাবুগঞ্জ-মুলাদীর প্রিয় জনগণের ভালোবাসা ও আস্থায় আমি নির্বাচিত হয়েছি। আপনাদের এই অকুণ্ঠ সমর্থন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ সততা, নিষ্ঠা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে সবসময় আপনাদের পাশে থাকব। বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।
দীর্ঘ রাজনৈতিক বিরতির পর এই জয় বরিশাল-৩ আসনে বিএনপির জন্য শুধু একটি আসন পুনরুদ্ধার নয়, বরং দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন বার্তা বলেই মনে করছেন অনেকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT