3:34 pm , February 11, 2026
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থনে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
তিনি একটি বৈষম্যহীন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, উন্নয়নমুখী “নতুন বরিশাল” গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বুধবার দুপুর ১টায় বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বরিশালের সাধারণ মানুষ মিথ্যা মামলা, হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। তিনি নির্বাচিত হলে নিরপরাধ মানুষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন-বরিশালের বিভিন্ন অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তিনি বলেন, পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে বহু প্রকল্প মাঝপথে থেমে আছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
মুফতী ফয়জুল করীম বাসীর কাছে একটি সমৃদ্ধ বরিশাল গড়ার লক্ষে হাতপাখায় ভোট দেওয়ার আহবান করেন।
