ভান্ডারিয়ায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ভান্ডারিয়ায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

4:00 pm , April 15, 2026

ভান্ডারিয়া প্রতিবেদক ॥
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুন:খনন কর্মসূচির ধারাবাহিকতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় চড়খালি কাটাখাল ও ভারানীর খালের পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি)’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৭৭ লাখ ২৮ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে এ পুন:খনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নদী-নালা ও খাল পুনরুদ্ধার বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে। তিনি জানান, সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুন:খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা অনেকাংশে হ্রাস পাবে এবং কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার উজ্জ্বল হালদার, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মো: আবুল কালাম আজাদ, ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান হাওলাদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT