3:57 pm , April 15, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
ফরিদপুর পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকার আধুনিক ব্যবস্থাপনা ও উদ্বোধনী কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বুধবার দুপুরে ফরিদপুর পৌরসভার আদমপুর এলাকায় অবস্থিত বর্জ্য শোধনাগার ও রিসাইকেলিং প্লান্ট পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এসএম জিয়াউদ্দিন হায়দার।
বিসিসি প্রশাসক আদমপুর এলাকায় বর্জ্য শোধনাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। বিশেষ করে প্লাস্টিক রিসাইকেলের ‘পাইরোলাইসিস প্লান্ট’ এর কার্যক্রমে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এই প্লান্টে পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে পরিবেশবান্ধব উপায়ে জ্বালানি তেল ও কার্বন তৈরি করা হচ্ছে। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এই প্রক্রিয়াটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শন শেষে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরায়নের ফলে সৃষ্ট বর্জ্য বর্তমানে বড় চ্যালেঞ্জ। ফরিদপুর পৌরসভা যেভাবে প্লাস্টিক বর্জ্য থেকে তেল উৎপাদন করছে, তা অত্যন্ত প্রশংসনীয় এবং পরিবেশবান্ধব। বরিশাল সিটি কর্পোরেশনের বর্জ্য পরিশোধন ব্যবস্থাকে আরও আধুনিক ও সুগম করতে আমরা কাজ করছি। ফরিদপুরের এই মডেলটি অত্যন্ত কার্যকর। বরিশালেও অনুরূপ পাইরোলাইসিস প্লান্ট ও আধুনিক বর্জ্য শোধনাগার চালু করার ব্যাপারে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।”
