নগর প্রশাসক শিরিনের উদ্যোগকে অভিনন্দন রিপোর্টার্স ইউনিটির নগর প্রশাসক শিরিনের উদ্যোগকে অভিনন্দন রিপোর্টার্স ইউনিটির - ajkerparibartan.com
নগর প্রশাসক শিরিনের উদ্যোগকে অভিনন্দন রিপোর্টার্স ইউনিটির

3:59 pm , April 15, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর চলমান অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ কার্যক্রমকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)। সংগঠনটির নেতৃবৃন্দ মনে করেন, একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে হলে এসব অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই।
বিবৃতিতে বলা হয়েছে, নগরীর ফুটপাত, সড়ক ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট শুধু যানজট ও জনদুর্ভোগই বাড়ায় না, বরং নগরীর সৌন্দর্য ও পরিবেশকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
সংগঠনটি আরও মনে করে, এই কার্যক্রমকে স্থায়ী ও কার্যকর করতে হলে নিয়মিত মনিটরিং ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। উচ্ছেদের পর যাতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে নগরীর আবর্জনা ব্যবস্থাপনা উন্নয়ন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বিবৃতিতে সংগঠনটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, এবং সাধারণ সম্পাদক  খালিদ সাইফুল্লাহ বলেন—বরিশালকে একটি আধুনিক, বাসযোগ্য ও নান্দনিক নগরীতে পরিণত করতে হলে এ ধরনের উদ্যোগকে আরও বেগবান করতে হবে। তারা সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানান, যেন এই কার্যক্রমকে সফল ও টেকসই করতে সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT