3:20 pm , December 28, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ্ব আব্দুস সত্তার খান। তাঁর মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আব্দুস সত্তার খান মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। দলীয়ভাবে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর নির্বাচনমুখী হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলায় দীর্ঘদিন ধরেই বিএনপির মধ্যে দুটি গ্রুপ বিদ্যমান। এ বিভক্তি এবার নির্বাচনের প্রক্রিয়ায় আরও স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। একইভাবে বাবুগঞ্জ উপজেলাতেও বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি রয়েছে। ফলে দুই উপজেলায় বিএনপির একটি অংশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব আব্দুস সত্তার খানকে সমর্থন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলহাজ্ব আব্দুস সাত্তার খান যদি নির্বাচনের শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে টিকে থাকেন, তাহলে বাবুগঞ্জ ও মুলাদী এই দুই উপজেলায় বিএনপির নেতাকর্মীরা কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়তে পারেন। এর প্রভাব পড়তে পারে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নুল আবেদীনের নির্বাচনী প্রচারণা ও ভোটের হিসাব-নিকাশে।
