4:17 pm , July 13, 2025
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে কৃষককে কুপিয়ে মোবাইল ও চাকু ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত হাসান ওরফে হাসিব (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের রামচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান ওরফে হাসিব উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের সালাউদ্দীন ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় অস্ত্র ও মুলাদী থানায় একাধিক চুরি মামলা রয়েছে। মোহাম্মাদপুরের অস্ত্র মামলায় ৭ বছর ৪ মাস কারাভোগ করে কয়েক মাস আগে বের হয়ে সে এলাকায় আসে।
বোয়ালিয়া ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো: মাহবুব জানান, গত ৭ জুলাই সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চুরি করে এক কৃষককে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় হাসিবের মোবাইল ফোনটি পড়ে যায়। ওই মোবাইল নম্বরের ইমুতে ছবি দেখে তাকে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে রামচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই দিবাগত রাতে নাজিরপুর ইউনিয়নের পশ্চিম বাণীমর্দন গ্রামের কৃষক আহসান হাওলাদারের ঘরে চোর ঢোকে। রাত দেড়টার দিকে তার ঘুম ভেঙে গেলে তিনি ডাক চিৎকার দেন। ওই সময় চোর তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরদিন সকালে আহসান হাওলাদারের ঘরের সামনে চোরের ফেলে যাওয়া মোবাইল ও চাকু পাওয়া যায়। পরে বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ মোবাইল ফোন ও চাকু জব্দ করে। এ ঘটনায় গত ৮ জুলাই আহসান হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় মামলা করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি ও কৃষককে হত্যাচেষ্টা মামলার আসামি কে গ্রেপ্তার করা হয়েছে।
