4:16 pm , May 4, 2026
আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥
নগরীর কাউনিয়া থানাধীন ভাটিখানা সড়ক থেকে নিখোঁজ হয়ে যাওয়া কিশোর শান এর বাড়িতে এখনো চলছে কান্নার রোল। দুদিন হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত খোঁজ মেলেনি শানের। গত ২’মে রাত সাড়ে দশটার দিকে বিকাশের দোকান থেকে টাকা তোলার পর থেকে নিখোঁজ রয়েছে ১২ বছর বয়সের এই কিশোর সৌরভ দাস শান। তার পিতার নাম সজল চন্দ্র দাস এবং মাতা মিতু রাণী ঘোষের ঘরে এই মুহূর্তে চলছে কান্না আর আহাজারি। মুক্তিপণের বিনিময়ে হলেও নিজের সন্তানকে ফিরে পেতে চান মা ও তার স্বজনরা।
অন্যদিকে নিখোঁজ হওয়ার সময় কিশোর শানের হাতে দুটি মোবাইল ফোন ছিল। যা একইস্থান থেকে পৃথক পৃথক সময়ে উদ্ধার হওয়া নিয়ে জনমনে ভিন্ন ভিন্ন প্রশ্ন উঠেছে। আশেপাশের প্রতিবেশী, বাজারের ব্যবসায়ী সবাই একবাক্যে কিশোর শান সম্পর্কে বলছেন – চমৎকার ভদ্র ও বিনয়ী একটি ছেলে। সবাই তাকে পছন্দ করে। এমন ছেলের নিখোঁজ হওয়া রহস্যময় বলে দাবী প্রতিবেশীদের।
সরেজমিনে নগরীর ভাটিখানা বাজার সংলগ্ন মিতু রাণী ঘোষের বাপের বাড়িতে এসে দেখা গেছে শোকাবহ পরিবেশ। সান্তনা দিতে আসা স্বজনদের আঁকড়ে ধরে কাঁদছেন মা মিতু রাণী।
কান্নারত কণ্ঠেই তিনি জানালেন, এটি তার বাবার বাড়ি। ঘটনার দিন এই বাড়িতেই ছিলেন তিনি। তার ছেলে সান খিচুড়ি খেতে চাওয়ায়, তিনি ছেলেকে নিজের মোবাইল দিয়ে ৫০০ টাকা তুলে খিচুড়ি কিনতে বলেন। সে বিকাশের দোকান থেকে আর ফিরে আসেনি।
এদিকে বিকাশের দোকান থেকে ৫০০ টাকার পরিবর্তে ৮ হাজার টাকা তুলেছে এবং সেখান থেকে একটি রিকশা নিয়ে নাজিরের পুলের দিকে গেছে বলে জানান বিকাশ দোকানের মালিক আশিক জানিয়েছেন।
অন্যদিকে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জিত বলেন, ভাটিখানা শহীদ মিনার মাঠ থেকে তার দুটো ফোনের একটি বাটন ফোন ১১টার দিকে এবং এন্ড্রয়েড ফোন রাত আড়াইটার দিকে পাওয়া গেছে। আমরা নগরীর সব সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখা অব্যাহত রেখেছি। এছাড়াও দেশের সব থানায় তার ছবি পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, তার রিকশায় চড়া ও হুড টেনে দেয়ার চেষ্টায় আমরা সন্দেহ করছি সে ইচ্ছেকৃত নিজেকে লুকাতে চেয়েছে বলে জানান ওসি।
এদিকে মা মিতু রাণী ও পরিবার ছেলেকে উদ্ধারের জন্য র্যাব, পুলিশের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছেন। তারা ছুটে বেড়াচ্ছেন উর্ধ্বতন কর্মকর্তাসহ র্যাব-৮ ও কাউনিয়া থানায়। উল্লেখ্য, ২ মে রাত ১০ টায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন কালেক্টরেট স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র শান।
