নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বিগ্ন রাজিব আহসান নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বিগ্ন রাজিব আহসান - ajkerparibartan.com
নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বিগ্ন রাজিব আহসান

3:37 pm , February 11, 2026

বরিশাল-৪

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. রাজিব আহসান বলেছেন,  প্রচারণা শেষ হলেও এলাকায় বিপুলসংখ্যক অপরিচিত ব্যক্তির আনাগোনা চলছে, যা নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী অবৈধ। বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজিব আহসান বলেন, নির্বাচনী এলাকায় ভোটার ছাড়া অন্য কারও অবস্থান আইনের চোখে অপরাধ। বিষয়টি তিনি প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছেন। রিটার্নিং কর্মকর্তা তাকে জানিয়েছেন যে তারাও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, বরিশাল-৩ ও বরিশাল-৫ আসনের সীমানা বরিশাল-৪ এর সাথে যুক্ত হওয়ায় পরিস্থিতি বেশি সংবেদনশীল। ওই দুই আসনে জামায়াতের প্রার্থী না থাকলেও বরিশাল-৪ এ তাদের প্রার্থী রয়েছে। ফলে ওইসব অঞ্চল থেকে সন্দেহভাজন ও সন্ত্রাসী চরিত্রের কিছু মানুষ হিজলা-মেহেন্দিগঞ্জ এলাকায় প্রবেশ করতে পারে।
রাজিব আহসান বলেন, প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে অন্য দুজনও একই উদ্বেগের কথা রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছেন। বাহির থেকে আসা ব্যক্তিরা নিজেদের এলাকায় ভোট না দিয়ে এখানে কোনো সৎ উদ্দেশ্যে আসছেন বলে মনে হয় না।
বিএনপি প্রার্থী বলেন, দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। প্রতিটি মানুষ যেন শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT