রাত পোহালেই ভোট রাত পোহালেই ভোট - ajkerparibartan.com
রাত পোহালেই ভোট

3:32 pm , February 11, 2026

বরিশালের ৬টি আসনে অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র ৩শ’

সালেহ টিটু ॥
বরিশাল জেলার ৬টি আসনে অতি গুরুত্বপূর্ন কেন্দ্র রয়েছে প্রায় ৩শ। তবে অর্ধেকের বেশী ভোট কেন্দ্র হচ্ছে গুরুত্বপূর্ন। এসব অতি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ৬টি আসনে মোট ৮৩৩টি ভোট কেন্দ্রে ভোটার হচ্ছে ২২ লাখ ৮০ হাজার ৫৯৬ জন।
সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে ভোটের নিরাপত্তায় থাকবে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব এবং পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের দিন বরিশাল জেলার দশ উপজেলায় সেনাবাহিনীর দেড় হাজার এবং পুলিশের আড়াই হাজারের বেশী সদস্য মাঠে তৎপর থাকার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
বরিশাল জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি আসনে মোট ৮৩৩টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে অতি গুরুত্বপূর্ন কেন্দ্র ২৫৪টি, গুরুত্বপূর্ন ভোট কেন্দ্র ১৯৭টি এবং সাধারন ভোট কেন্দ্র হচ্ছে ৩৪২টি।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মোট ভোট কেন্দ্র ১২৯টি। এরমধ্যে সাধারন ভোট কেন্দ্র ৪৩টি, গুরুত্বপূর্ন ৫১টি ও অতিগুরুত্বপূর্ন ৩৫টি। এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৩ হাজার ৮১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৮০৮ জন ও নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ৯ জন। বিএনপি, ১১দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মোট প্রার্থী হচ্ছে ৫ জন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মোট ভোট কেন্দ্র ১৪০টি। এরমধ্যে সাধারন কেন্দ্র ২৫টি, গুরুত্বপূর্ন ৫১টি ও অতি গুরুত্বপূর্ন কেন্দ্র ৬৪টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৮০৭ ভোট। এর মধ্যে ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জন নারী ও ১ লাখ ৯৬ হাজার ২৬২ জন পুরুষ ভোটার। বিএনপি, ১১দল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৮ জন। এদের মধ্যে জাসদ ও এনপিপি সমর্থন দিয়েছে বিএনপি প্রার্থীকে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের মোট ভোট কেন্দ্র ১২৬টি। এরমধ্যে সাধারন ভোট কেন্দ্র ৩৭টি, গুরুত্বপূর্ন ৩৯টি ও অধিক গুরুত্বপূর্ন ৫০টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৯৭ ভোট। এরমধ্যে ১ লাখ ৬৪ হাজার ১৭৩ ভোটার নারী ও পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৯২১ জন। বিএনপি, জাতীয় পার্টি ও ১১ দলসহ প্রার্থী হচ্ছে ৬ জন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে মোট ভোট কেন্দ্র ১৪৯টি। এরমধ্যে সাধারন ভোট কেন্দ্র ৯৮টি, গুরুত্বপূর্ন ১৭টি ও অতি গুরুত্বপূর্ন ৩৪টি। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২১ হাজার ৯৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪০ হাজার ৩০ জন ও পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৯৪২ ভোট। বিএনপি, ১১দল ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বরিশাল-৫ (সদর) আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬টি। এরমধ্যে সাধারন ভোট কেন্দ্র ৯৩টি, গুরুত্বপূর্ন ৪৬টি ও অতি গুরুত্বপূর্ন ৩৭টি। এ আসনে মোট ভোটার ৫ লাখ এক হাজার ৩০৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৬১৭ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৬৭৭ জন। বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাসদসহ বিভিন্ন দলের ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ১১৩টি ভোট কেন্দ্র। এরমধ্যে সাধারন ভোট কেন্দ্র ৪৬টি, গুরুত্বপূর্ন ৩২টি ও অতিগুরুত্বপূর্ন ৩৫টি। এ আসনে মোট ৩ লাখ ১৫ হাজার ৫৯৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬৩৮ জন নারী ভোটার ও পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫৫ জন। বিএনপি, ১১দল ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ন ভোট কেন্দ্রে ৫ জন করে এবং অতি গুরুত্বপূর্ন কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও থাকবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গুরুত্বপূর্ন ও অতিগুরুত্বপূর্ন ভোট কেন্দ্রের জন্য একটি করে মোবাইল টিম থাকবে।
বরিশালের সেনাক্যাম্প কমান্ডার মেজর সৈকত বলেন, নির্বাচন কমিশন ও সরকারি নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসন ও অনান্য বাহিনীকে সহায়তা দিয়ে আইনশৃঙ্খরা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আশা করছি সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, ১০টি উপজেলা কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী বিতরন করা হয়েছে। বিতরন কার্যক্রম পরিচালনা করেন স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা। প্রিজাইডিং অফিসারদের হাতে ভোটের সামগ্রী তুলে দেয়ার পর তারা স্ব-স্ব কেন্দ্রে চলে যান। আশা করছি বৃহস্পতিবার উৎবরমুখর পরিবেশে ভোট দেবেন ভোটাররা। এ লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমান টিমও গঠন করা হয়েছে।
তবে এবার ভোট কেন্দ্রে ভোট দেয়ার পর কোন ভোটার সেখানে অবস্থান করতে পারবে না। ভোট দেয়ার সাথে সাথে তিনি সেখান থেকে বের হয়ে যাবেন। এছাড়া কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। থাকবে জেলা প্রশাসনের বিশেষ মনিটরিং টিমও। কোন কেন্দ্রে অনিয়ম হলে তাৎক্ষনিক অবহিত করতে পারবেন সাধারন ভোটার থেকে শুরু করে যে কেউ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT