বসন্তের আমেজ কাটিয়ে তাপমাত্রা স্বাভাবিকের ২.৬ ডিগ্রী নিচে বসন্তের আমেজ কাটিয়ে তাপমাত্রা স্বাভাবিকের ২.৬ ডিগ্রী নিচে - ajkerparibartan.com
বসন্তের আমেজ কাটিয়ে তাপমাত্রা স্বাভাবিকের ২.৬ ডিগ্রী নিচে

4:35 pm , February 10, 2026

বিশেষ প্রতিবেদক ॥
পৌষে তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নামলেও মাঘের প্রথম থেকে মধ্যভাগ পেরিয়ে ‘অস্বাভাবিক বসন্তের আমেজ কাটিয়ে বরিশালে এখন আবার শীত জেকে বসছে। মঙ্গলবার  সকালে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ২.৬ ডিগ্রী নিচে নেমে আসে। এমনকি মাঘের শুরু থেকে বরিশালে বসন্তের কোকিল আর ঘুঘুর ডাক আগাম বসন্তের বার্তা দিলেও মঙ্গলবার সকালে বরিশালে তাপমাত্রার পারদ স্বাভাবিক ১৪.৯ ডিগ্রীর স্থলে ১২.৬ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের প্রায় ২ ডিগ্রী নিচে ছিল।
এবারে পৌষের শুরু থেকে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৪ ডিগ্রী পর্যন্ত নিচে নেমে যাওয়ায় জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল। এমনকি গত নভেম্বরের শুরু থেকে জানুয়ারীর শেষভাগ পর্যন্ত বরিশালের সরকারি হাসপাতালেই প্রায় ১২ হাজার নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগী ভর্তি হয়েছেন। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন আরো অন্তত ১৫ হাজার। মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের।
কিন্তু এবার পৌষের হাড় কাঁপানো শীত মাঘের শুরুতেই উধাও হয়ে মধ্যভাগে এসে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৩-৪ ডিগ্রী ওপরে উঠে যায়। এমনকি জানুয়ারীর শেষভাগে বরিশালজুড়ে অনেকটা হালকা গরমের আমেজ লক্ষ্য করা গেলেও ফেব্রুয়ারীর এ সময়ে তাপমাত্রার পারদ ওপরে উঠার কথা থাকলেও তা জানুয়ারীর পর্যায়ে নেমে এসেছে। মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী প্রচারনা থেমে যাবার পরে দক্ষিণ জনপদে অনেকটাই রাজনৈতিক নিরবতার সাথে তাপমাত্রার পারদও স্বাভাবিকের নিচে নেমে যাওয়ায় জনজীবনে যথেষ্ট ছন্দপতন দেখা দিয়েছে।
পৌষের হাড় কাঁপানো শীতের অস্বস্তির পরে মাঘের শুরুতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও বেশী শীতের মত অসময়ের কম শীতেও কৃষি সেক্টরে বিরূপ প্রভাব পড়ে। আবার শেষ মাঘে তাপামাত্রার পারদ স্বাভাবিকের নিচে নেমে যাওয়ায় জনজীবনের মত কৃষি সেক্টরেও বিরূপ প্রভাব পড়ার আশংকা রয়েছে।
তবে তাপমাত্রা নিচে নামায় গমের ফলনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়ার কথাও বলেছেন মাঠ পর্যায়ের কৃষিবীদরা। চলতি রবি মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ৬০ হাজার হেক্টরে ২ লক্ষাধিক টন গম উৎপাদনের লক্ষ্য রয়েছে। কিন্তু মাঘের শুরুতে শীতের দাপট কমে যাওয়ায় গমের উৎপাদন ব্যাহত হবার শঙ্কা ছিল। তবে শেষভাগে এসে নতুন করে তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নেমে যাওয়ায় জনজীবনে অস্বস্তি দেখা দিলেও তা গমের ফলনের জন্য ইতিবাচক ফল দেবে বলে মনে করছেন কৃষিবীদরা।
অপরদিকে পৌষের শুরু থেকে কনকনে ঠান্ডার সাথে ঘন কুয়াশায় বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরি’ এবং গোল আলু ‘লেটব্লাইট’ নামে ছত্রাকবাহী রোগ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মাঘের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে যাওয়ায় পরিস্থিতি অনুকুলে ছিল। চলতি রবি মৌসুমে বরিশাল অঞ্চলে প্রায় ১৮ লাখ টন বোরো চাল ঘরে তোলার লক্ষ্যে ৩.৮৫ লাখ হেক্টরে আবাদ সম্পন্ন করতে ২০ সহ¯্রাধিক হেক্টরে বোরো বীজতলা তৈরীর পরে ইতোমধ্যে প্রায় ৬০ ভাগ জমিতে রোপনও সম্পন্ন হয়েছে। অপরদিকে এবার বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ১৫ হাজার হেক্টরে গোল আলু ও ৭৮ হাজার হেক্টরে শীতকালীন সবজির আবাদ সম্পন্ন হয়েছে। তবে পৌষজুড়ে ঘন কুয়াশা ও তীব্র শীতে বরিশাল অঞ্চলের বিপুল পরিমান জমির শীতকালীন সবজির গুনগত মানও বিনষ্ট হয়েছে।
আবহাওয়া বিভাগের মতে, মৌসুমের একটি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার একটি বর্ধিতাংশ বরিশাল উপকূলের  অদূরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বুধবার দিনের তাপমাত্রা সমান্য বৃদ্ধির কথা জানিয়ে বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে শুক্রবার দিনের তাপমাত্রা পুনরায় সামান্য হ্রাসের পরবর্তি ৫ দিনে দিন ও রাতের তাপমাত্রা পুনরায় বৃদ্ধির খবরও দিয়ে রেখেছে আবহাওয়া অফিস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT