3:53 pm , January 31, 2026
বিশেষ প্রতিবেদক ॥
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এবার ভোটারদের কদর ততই বাড়ছে। গত দু’দিনে পয়সারহাট, আগৈলঝাড়া, গৌরনদী, বার্থি, টরকি, কটকস্থল, উজিরপুর, সফিপুর থেকে রহমতপুর পর্যন্ত পথঘাট-প্রান্তর চষে বেড়িয়ে যেটুকু দেখা গেছে তা হলো ভোটারদের জয়জয়কার। প্রার্থি আর নেতাকর্মিরা ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছে অথচ ভোটাররা একেবারেই চুপ। তাদের সাথে কথা বলে মনে হয়েছে ‘এবারে তারা প্রার্থিদের অতীত রেকর্ড হাতে নিয়ে বসে আছেন। আভাসটা যেনো ভোটার সিন্ডিকেটের। সব ভোটারদের কথার ধরন অনেকটা এক মনে হচ্ছে। ভোটাররা স্পষ্টই বলে দিয়েছে, ‘কোন আবেগে কাজ হবে না। যারা গত তিনবার তাদেরকে ভোট দিতে দেয়নি তারা এবারে পাত্তা পাবে না। দুর্নীতিবাজদের ভোট দেবে না। আগে যারা কথা দিয়ে কথা রাখেনি তারা পাত্তা পাবে না। প্রার্থিকে অবশ্যই সৎ ও চরিত্রবান হতে হবে ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি ভোটারদের সমস্যা সমাধানে কোন প্রার্থি অবদান রাখতে পারবে তাও বিবেচনায় আসছে। সর্বোপরি ভোটারদের ভোট এবারে কেনা যাবে না এবং সব ভোটারই এবার ভোট দিতে কেন্দ্রে যাবে। নেটিজেনরা ভোটারদের এমন অবস্থানকে স্বাগত জানিয়েছে। তাদের মতে পরিবর্তনের এমন নজির যদি অব্যাহত থাকে তবে জয়-পরাজয় নিয়ে আগাম কোন সম্ভাবনা এবারে টিকবে না। বরং জয়-পরাজয়ের জন্য ফলাফল ঘোষনার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
