4:26 pm , January 30, 2026
হিজলা প্রতিবেদক ॥
‘সম্প্রদায় নয় মানুষ হিসেবে কাজ করতে চাই। সমতার, সমমর্যাদার ভিত্তিতে বসবাস করতে চাই। এই উপজেলার সকলের জন্য সঠিক নাগরিক সেবা নিশ্চিত করতে চাই। সনাতন ধর্মাবলম্বীদের জন্য নিরাপত্তা নিশ্চিত সহ সমমর্যাদা নিয়ে সমাজে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে চাই। হিজলা উপজেলা থেকে অবহেলিত শব্দটি দূর করতে আপনাদের সাহায্য চাই। গতকাল হিজলা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৪ আসনে ধানের শীষের প্রার্থী রাজীব আহসান এসব কথা বলেন। শুক্রবার বেলা ১১টায় উপজেলার খুন্না বাজারে শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাস এর সভাপতি মানিক লাল দাস। সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাপ্পী দে।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাওয়া নুর চৌধুরী, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক উৎপল বিশ্বাস,মেহেন্দিগঞ্জ এর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সুভাষ দাস,সদস্য সচিব দিপঙ্কর মৃধা ও রাধা রমন বিশ্বাস।
প্রধান অতিথি বলেন,বিভিন্ন দল হিন্দু সম্প্রদায়কে ভোটের রাজনীতি হিসেবে ব্যবহার করে এসেছে।যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমতার ভিত্তিতে সমমর্যাদায় বসবাস করতে পারে। বিগত ৫ আগস্ট সরকার পতনের পরে এই হিজলা উপজেলার সকল মানুষ যেভাবে শান্তিতে বসবাস করেছেন ভবিষ্যতেও আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন।
