4:49 pm , February 25, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
২০২৫ শিক্ষা বর্ষে ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষার ফলাফলে বরিশালে শীর্ষস্থান অর্জন করেছে লুৎফুর রহমান আলিম (ক্যাডেট) মাদরাসা। প্রতিষ্ঠানের এমন কৃতিত্বে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইবতেদায়ি ৫ম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৩ জন এবং সাধারণ বৃত্তিতে ৯ জনসহ মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। অন্যদিকে দাখিল ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ বৃত্তিতে ১২ জনসহ মোট ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক ও প্রচলিত শিক্ষার সমন্বিত পাঠদানের ফলেই শিক্ষার্থীরা এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। নিয়মিত পাঠদান, নিবিড় তদারকি এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ধারাবাহিকতায় এ অর্জন সম্ভব হয়েছে বলে তারা উল্লেখ করেন। মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পরিষদের সদস্যরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও এমন ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
