4:28 pm , February 24, 2026
গৌরনদী প্রতিবেদক ॥
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় “বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ” বিষয়ক ২দিন মেয়াদি প্রশিক্ষণ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-০১) ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল বিভাগীয় সহকারী উপ-পরিচালক শাহাবুদ্দিন সরদার, প্রিন্স বাহাউদ্দীন তালুকদার, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সোলায়মান তুহিন, গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সুপারভাইজার মো: রেজাউল করিমসহ উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ের খামারিরা। বক্তারা বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বাড়বে।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কারিগরি দিক, রক্ষণাবেক্ষণ ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।
