3:20 pm , December 28, 2025
নিজস্ব প্রতিবেদক ॥
শহিদ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল তিনটা থেকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড- ‘কাঁদতে আসিনি, বিচারের দাবি নিয়ে এসেছি’, ‘জাস্টিস ফর হাদি’, ‘ইনসাফ ফর হাদি’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে’,’তুমি কে আমি কে, হাদি হাদি’ এমন স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। এ সময় তারা অবিলম্বে হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।এদিকে অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সৃষ্টি হয় চরম জনদুর্ভোগ।এ হত্যাকা-ে বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টারা প্রশাসনের মাধ্যমে আশ্বস্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এ আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘ওসমান বিন হাদি আমাদের ভাই। দিনের আলোতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, অথচ এখনও প্রধান খুনিসহ কেউ ধরা পড়েনি। আমরা আশ্বাস নয়-দৃশ্যমান বিচার চাই। প্রয়োজনে ছাত্রসমাজই রাজপথে দাঁড়িয়ে বিচার আদায় করবে।’অবরোধে আটকে পড়া যাত্রী রাকিব হাওলাদার বলেন, ‘ঢাকায় অসুস্থ মাকে দেখতে যাচ্ছি। ঘণ্টার বেশি সময় বাস থেমে আছে। কষ্ট হচ্ছে, কিন্তু হাদি হত্যার বিচারও জরুরি।’বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে।’
