বরিশালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন বরিশালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন - ajkerparibartan.com
বরিশালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

3:37 pm , December 15, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপিত হয়। দিবসটি  উপলক্ষে সোমবার বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের কনফারেন্স হলে ব্যবসায়ী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার যুগ্ম কমিশনার শাহীনূর কবীর পাভেল প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় যুগ্ম কমিশনার বলেন, বাংলাদেশে ভ্যাট ব্যবস্থাপনাকে আধুনিক ও স্বচ্ছ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছে। ঘরে বসে অনলাইনে ভ্যাট নিবন্ধন, ই-রিটার্ন ও ই-পেমেন্ট প্রক্রিয়া অটোমেটেড হওয়ায় করদাতা এবং এনবিআর উভয়ের জন্যই সুবিধা হয়েছে। বিশেষ করে করদাতার সময় ও অর্থের সাশ্রয় হয়েছে। করদাতার স্বেচ্ছায় ভ্যাট প্রদান, কর ফাঁকি কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধিকরণে এসব উদ্যোগ গ্রহণ করা হয়।
নাগরিক সমাজকে ভ্যাট প্রদানে আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারকে অর্থের যোগান দিতে সবাইকে নিয়মিত ভ্যাট ও ট্যাক্স জমা দিতে হবে। ভ্যাট কোন বোঝা নয়, এটি জনগণের কল্যাণেই ব্যয় হয়। ভ্যাট প্রদানের ফলে প্রাপ্ত সুবিধাগুলো প্রচার করলে তরুন প্রজন্ম ভ্যাট প্রদানে আগ্রহী হবে। এসময় তিনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে রাজস্ব আয় বৃদ্ধি করে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশালের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাসের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবায়দুল হক চাঁন ও পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার শরীফ ফারুক আহমেদ খান বিশেষ অতিথির বক্তৃতা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT