নগরীতে হামলায় জামায়াত নেতা আহত হওয়ার অভিযোগ নগরীতে হামলায় জামায়াত নেতা আহত হওয়ার অভিযোগ - ajkerparibartan.com
নগরীতে হামলায় জামায়াত নেতা আহত হওয়ার অভিযোগ

3:14 pm , December 8, 2025

পরিবর্তন ডেস্ক ॥ বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. শহীদ হোসেনের নেতৃত্বে জামায়াতের এক নেতাকে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কাশিপুর হাই স্কুলের সামনের বাজারে বসে এ হামলার ঘটনা ঘটেছে।স্থানীয়রা গুরুত্বর আহত জামায়াতে ইসলামীর নেতা মো. জাহের হোসেনকে (৪০) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। আহত জাহের হোসেন ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আলী আহমেদ খানের ছেলে ও স্থানীয় জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি। হাসপাতালে চিকিৎসাধীন জাহের হোসেন জানিয়েছেন, কাশিপুর হাইস্কুল বাজারে মেহেন্দিগঞ্জ ড্রাগস হাউজ থেকে সাবেক কাউন্সিলর শহীদ হোসেনের ইজিবাইক চালক হারুন-অর রশিদ দীর্ঘদিন পূর্বে বাকিতে ওষুধ নেয়। দীর্ঘদিনেও বাকির টাকা পরিশোধ করেনি। এনিয়ে ওষুধের দোকানের মালিক পলাশ ও হারুনের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে দোকানী পলাশ হারুনকে একটি থাপ্পড় মারে। বিষয়টি নিয়ে সোমবার সকালে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ হোসেন তার লোকজন নিয়ে বাজার কমিটির ক্যাশিয়ার আলমের সাথে আলাপ করেন। তখন তিনি (জাহের হোসেন) বলেন, হারুন বাকি খেয়ে টাকা দেয়না। উভয়ের দোষ আছে। তাই ছোট্ট বিষয় নিয়ে মারামারি না করাই ভালো। এ কথার জেরে তাকে (জাহের) জামায়াতের লোক আখ্যা দিয়ে লাঠি দিয়ে দুই দফায় পিটিয়ে গুরুত্বর জখম করা হয়।হামলায় নেতৃত্ব দিয়েছে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ হোসেন ও তার সহযোগি আব্দুল জলিল, মহিউদ্দিন, রানাসহ আরো ৮/১০ জনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি (জাহের) উল্লেখ করেন।হামলায় নেতৃত্ব দেয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. শহীদ হোসেন বলেন, কেবা কারা এ হামলা চালিয়েছে তা আমার জানা নেই। অহেতুকভাবে এ হামলার সাথে আমার নাম জড়িয়ে দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT