গৌরনদীতে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার গৌরনদীতে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার - ajkerparibartan.com
গৌরনদীতে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

3:32 pm , December 2, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদীতে অপারেশনের মতো অতি সংবেদনশীল চিকিৎসা পদ্ধতিকে হাতিয়ার বানিয়ে ভয়াবহ প্রতারণার করে আসছিলেন এক ভুয়া চিকিৎসক। অন্যের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজেকে ইউরোলজি ও জেনারেল সার্জন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল গৌরনদী উপজেলার আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের ভুয়া চিকিৎসক ফিরোজ আহমেদ। অবশেষে সোমবার গভীর রাতে গৌরনদী উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে টরকি (সুন্দরদী) এলাকা থেকে প্রতারক চিকিৎসককে আটক করে। এ ঘটনায় রাতেই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শংকর দাস বাদী হয়ে ২জনের নাম উল্লেখ করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদার ও গৌরনদী মডেল থানার পুলিশ । ভুয়া চিকিৎসক  ফিরোজ আহমেদের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠী গ্রামে। সে ওই গ্রামের মৃত  আব্দুল  খালেকের ছেলে।  তিনি প্রকৃত চিকিৎসক ইউরোলজি ও জেনারেল সার্জন  ‘ডা. মো. আমিরুল ইসলাম’ নাম ও তার বিএমডিসি নম্বর ব্যবহার করে নিজেকে পরিচয় দিয়ে গৌরনদীতে চিকিৎসার নামে দীর্ঘদিন প্রতারণা করে আসছেন। এই ভুয়া চিকিৎসক বরিশালের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে জটিল ও ঝুঁকিপূর্ণ সার্জারি পর্যন্ত করে আসছিলেন। ভুয়া চিকিৎসক বিএমডিসির যে  রেজিস্ট্রেশন নম্বর (২৮৭৩৫) নিজের পরিচয় দিতেন তিনি ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিরুল ইসলাম । অথচ এই নাম ব্যবহার করে ফিরোজ দীর্ঘদিন ধরে রোগীর জীবন বাজি রেখে অপারেশন চালিয়ে যাচ্ছিলেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ অন্যের সনদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগী দেখা, অপারেশন করা এবং সাধারণ মানুষকে প্রতারিত করার কথা স্বীকার করেছে।
স্থানীয় রফিকুল ইসলাম, তানভীর আহম্মেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের জীবন-মরণ নিয়ে এমন ছেলেখেলা করার সাহস হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে পেল কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই কেবল অর্থের লোভে একজন ভুয়া সার্জনকে অপারেশন থিয়েটারে প্রবেশাধিকার দেওয়ায় তাদের উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতা চরম ক্ষমার অযোগ্য!।
অভিযোগের ব্যাপারে ফিরোজ আহম্মেদের কাছে কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি লজ্জিত ও চরম অপরাধ করেছি।  গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ  তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় রাতেই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শংকর দাস বাদী হয়ে ভুয়া চিকিৎসক ফিরোজ আহমেদ, নূর মোহাম্মদ মুন্সি, ক্লিনিকের পরিচালক ফরিদা বেগমের নাম উল্লেখ করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT