জামায়াত প্রার্থী হেলালের নেতৃত্বে নগরীতে সুশৃঙ্খল বিশাল বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা জামায়াত প্রার্থী হেলালের নেতৃত্বে নগরীতে সুশৃঙ্খল বিশাল বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা - ajkerparibartan.com
জামায়াত প্রার্থী হেলালের নেতৃত্বে নগরীতে সুশৃঙ্খল বিশাল বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

4:00 pm , November 21, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-০৫ আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কয়েক কিলোমিটার দীর্ঘ ও সুশৃঙ্খল এই শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল এবং হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
২১ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় বরিশাল নগরীর বেলসপার্ক প্রাঙ্গন থেকে শুরু হয় র‌্যালি। লঞ্চঘাট, সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, ঢাকা-বরিশাল মহাসড়ক, রুপাতলী, দপদপিয়া সেতু, ভোলা-বরিশাল সড়ক, সাহেবেরহাট হয়ে আবার বেলসপার্ক মাঠে এসে র‌্যালিটি শেষ হয়। জামায়াতের বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালে নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন বরিশার মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বিএম কলেজের সাবেক এজিএস ও ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সাংস্কৃতিক বিভাগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
র‌্যালির শুরুতে উদ্বোধনী বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আজকের এই বিশাল শোভাযাত্রা কোন প্রদর্শনেচ্ছার বিষয় নয়, এটি হচ্ছে ইসলামের পক্ষের গণজাগরণ। দুনিয়াবী সকল মতবাদের কাছে নিরাশ হয়ে মানুষ এখন ইসলামের পক্ষেই ফিরে আসছে, এটি তার বাস্তব প্রমাণ। আমরা আশা করছি- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বরিশাল হবে দাঁড়িপাল্লার বরিশাল।
নথুল্লাবাদ, রুপাতলী, বরিশাল বিশ^বিদ্যালয়ের সামনে, দিনারের পুল এবং সাহেবেরহাটে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বলেন, বরিশাল সদর আসনে ইসলামের পক্ষে তথা দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। এর সুফল সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ঘরে তুলতে হবে।
রাস্তা দিয়ে বিশাল বহর যাওয়ার সময় উৎসুক এলাকাবাসী হাত নেড়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মিদের অভিবাদন জানায়। গ্রামগঞ্জে বিভিন্ন বাড়ি থেকে শিশু কিশোর ও যুবকরা এতে যোগ দেয়। দাঁড়িপাল্লার শ্লোগানে মুখরিত হয় প্রতিটি এলাকা। এ সময় গ্রামের নারীরাও তাদের ঘর থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অবলোকন করেন।
র‌্যালিতে অংশ নেয়া প্রত্যেকের গায়ে ছিল বিশেষ শ্লোগানযুক্ত গেঞ্জি। সুশৃঙ্খলভাবে দুটি সারিতে হাজার হাজার মোটরসাইকেল যেন এক ভিন্ন দৃশ্যের অবতারণা করে। প্রত্যক্ষদর্শীরা জামায়াতের এই শৃঙ্খলার ভুয়সী প্রশংসা করেন। তারা বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং নিজেদেরকে বিতর্কিত কর্মকান্ড থেকে দূরে রেখেছে তাতে দেশজুড়ে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT