3:27 pm , November 20, 2025
চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নে চতুর্থ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আনসার বেপারীর (৪৫) বিরুদ্ধে।
এ ঘটনায় বৃহস্পতিবার ছাত্রীর মা দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আনসার বেপারীকে গ্রেফতার করেছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আনসার বেপারী চরমানিকা ৩নং ওয়ার্ডের মো: আব্দুল আজিজ বেপারীর ছেলে। ভুক্তভোগী ছাত্রী একই ওয়ার্ডের পার্শ্ববর্তী বাসিন্দা । সে স্থানীয় দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী। বুধবার দুপুর দেড়টার দিকে সে মাদ্রাসা থেকে এসে নিজেদের গরু দেখতে বাড়ির পিছনে পশ্চিম পাশে গেলে আনসার বেপারী তাকে মোবাইলে নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে মাসুদ খলিফার বাগানের মধ্যে কেওড়া গাছের নিচে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ছাত্রীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আনসার বেপারী পালিয়ে যায় ।
এলাকাবাসী জানায়, আনসার বেপারী খারাপ প্রকৃতির লোক। সে তার এলাকার বিভিন্ন মেয়েদেরকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। এর আগে কয়েকবার এলাকাবাসী তাকে সতর্ক করলেও সে কিছুই তোয়াক্কা করে না। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মাদ্রাসা মাঠে অভিযুক্ত আনসারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া বলেন, আসামী আনসার বেপারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
