স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

4:03 pm , November 9, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ পূর্ব শত্রুতার জেরে বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডের পলাশপুর এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আপন চৌধুরী বাবুর নেতৃত্বে এক সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন : উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী মিজান সরদার, তার ভাই স্বপন সরদার, বাবা জাকির সরদার , মা মাসুমা বেগম, স্থানীয় বাসিন্দা আলমগীর। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রোববার সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মিজান সরদার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মৃত জাফর চৌধুরীর ছেলে আপন চৌধুরী বাবুর নেতৃত্বে আমাদের পরিবারের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। আমাদের এলোপাথাড়ি মারধর করে, ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং পরপর কয়েকবার ইট-পাটকেল নিক্ষেপ করে।”
তিনি আরও জানান, “হামলায় নেতৃত্ব দেয় আপন চৌধুরী বাবু। তার সঙ্গে অংশ নেয় একই এলাকার আবুল কাশেম, তার ছেলে রিয়ন, ভায়রা রফিক, রিয়াজ, আসলামের ছেলে হৃদয়, মৃত বারেকের ছেলে ইসমাইল, মৃত আলতাফের ছেলে পারভেজ, বিউটির ছেলে শুভ, ইসলাম নগরের শহীদের ছেলে অপু, মৃত হাসানের ছেলে আরাফাত, অলির ছেলে আসলাম, মোহাম্মদপুরের আলমাস, সজল, সজিব সহ ২০-২৫ জন সন্ত্রাসী।”
মিজান সরদার দাবি করেন, স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তারা কাউনিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্প কমান্ডারকে অবহিত করেন।
তিনি অভিযোগ করে বলেন, “আপন চৌধুরী বাবুর নামে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। আমাদের উপর হামলার ভিডিও ফুটেজও আমাদের কাছে সংরক্ষিত আছে।”
সংবাদ সম্মেলনে মিজান সরদার হামলাকারীদের গ্রেফতার, পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আপন চৌধুরী বাবু বলেন, “তাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। শুধু শুধু একজন কেন হামলা চালাবে তাছাড়া মামলা না নিতে চাপ প্রয়োগের কোনো বিষয় নেই। এটা থানা পুলিশের ব্যাপার।”
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ  মো. ইসমাইল হোসেন বলেন, “হামলার ঘটনা শুনেছি। দু/একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT