2:48 pm , October 19, 2025
রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে সংরক্ষিত ছুটির অপব্যবহার করার অভিযোগ তুলেছেন অভিভাবকরা। জানা গেছে,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী শ্যামাপূজার জন্য ২০ অক্টোবর ছুটি ঘোষণা করা আছে। ১৯ অক্টোবর সংরক্ষতিয় ছুটি নেয়ার ফলে ওই বিদ্যায়গুলোতে একটানা ৪দিন শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। উল্লেখ্য কাউখালী উপজেলায় সাপ্তাহিক ছুটির পর রোববার বিদ্যালয় খোলার কথা থাকলেও উপজেলার ১৪-১৫টি বিদ্যালয়ে সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে, ফলে একটানা চারদিন ছুটি হবার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘœ ঘটার আশঙ্কা রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১ম থেকে ৫ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটানা চারদিন বন্ধ থাকার ফলে বৃত্তি পরীক্ষা ও বার্ষিক পরীক্ষায় এর প্রভাব পড়বে বলে শিক্ষার্থীদের অভিভাবকরা
মনে করেন। তাছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিতে দুর্বলতা দূর করার জন্য বেজলাইন সার্ভে পরবর্তী সহায়তামূলক কার্যক্রম চলমান রয়েছে। ৪দিন একটানা বিদ্যালয় বন্ধ থাকার কারণে এ কার্যক্রমও ব্যর্থ হবে বলে অনেকে মনে
করেন। নিয়ম অনুযায়ী জরুরী পরিস্থিতি বা ঘটনার কারণে সংরক্ষিত ছুটি নেয়ার বিধান থাকলেও সাধারণত শিক্ষকদের ব্যক্তিগত প্রয়োজনেই এটি নেয়া হয়ে থাকে। অতিরিক্ত বন্ধের কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার মান দিন দিন কমে যাচ্ছে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধানশিক্ষকদের হাতে বছরে তিনদিন সংরক্ষিত ছুটি আছে। প্রধানশিক্ষকরা তাদের সুবিধা অনুযায়ী বিদ্যালয় বন্ধ রাখে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবগত করে শিক্ষার মান বৃদ্ধির জন্য করণীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
