3:55 pm , September 19, 2025
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামে অবস্থিত ইয়া মুমিনু ফুডস অ্যান্ড বেকারী নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বৈধ কাগজপত্র ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় এ অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই অনুমোদন, পরিবেশ ছাড়পত্র ও স্বাস্থ্য নিরাপত্তা মান না মেনে বেকারীজাত খাদ্যপণ্য তৈরি করে আসছিল। যে কারণে প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়।
এ সময় ইউএনও ফারুক আহমেদ বলেন, ভেজাল ও অনিয়ম বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে বেকারির মালিক বাবুল হোসেন দ্রুত সময়ের মধ্যে সব প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন এবং প্রতিষ্ঠানের কর্মকা-ে সতর্কতা অবলম্বনের আশ্বাস দেন।
