4:37 pm , August 29, 2025
বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের ধর্মগঞ্জ নদীর তলদেশে প্রায় সাড়ে ৪ কিলোমিটার সাবমেরিন ক্যাবলের একটি অংশ কাটা পড়ায় মেহেন্দিগঞ্জ উপজেলার অর্ধ লক্ষাধিক গ্রাহকের অন্তত তিন লাখ মানুষ গত ৪দিন ধরে অন্ধকারে। পুরো উপজেলা ও আশপাশের এলাকার চিকিৎসা, শিক্ষা,শিল্প ও ব্যবসা-বানিজ্য সহ উপজেলার প্রশাসনিক কার্যক্রমেও ভয়াবহ বিপর্যয় নেমে এসছে। পুরো উপজেলাজুড়ে চিকিৎসা কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়েছে। উপজেলা হাসপাতালের বেডে রোগী কাতরাচ্ছে। কিন্তু কারো কিছু করার নেই। রোগীর স্বজনরা দিন-রাত হাতপাখা দিয়ে বাতাস করছেন। যাদের নিকটজনেরা কাছে নেই তাদের দুরাবস্থা সব বর্ণনার বাইরে। ২০০৪ সালে প্রায় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীবেষ্টিত মেহেদিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিল পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তবে এতবড় বিপর্যয় এই প্রথম।
গত মঙ্গলবার দুপুরের পরে একটি পণ্যবাহী নৌযান ধর্মগঞ্জ নদীতে রাত্রীযাপনের জন্য নোঙর করলে তা গিয়ে পড়ে বরিশাল-মেহেদিগঞ্জের ৩৩ কেভি সঞ্চালন লাইনের সাবমেরিন ক্যাবলের ওপর। সাথে সাথে পুরো মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রথমে সবাই নিয়মিত লোডশেডিং বা শাটডাউন মনে করলেও দিন পেরিয়ে রাত হবার পরেই সবার টনক নড়ে। পরে খোঁজ নিয়ে দেখা যায় ট্রান্সমিশন লাইনই বন্ধ হয়ে গেছে। পল্লী বিদ্যুতের প্রকৌশলী ও টেকনিশিয়ানরা খোঁজাখুঁজি করে সাবমেরিন ক্যাবলের ফল্ট শনাক্ত করেন।
এরপর পরই পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১’এর প্রকৌশলীরা পরিস্থিতি সামাল দিতে তৎপরতা শুরু করলেও এখনো বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। শুক্রবার দুপরের পরে ৩টির মধ্যে দুটি ক্যাবল উত্তোলন করে মেরামত শুরু হয়েছে বলে আরইবি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রব্বানী জানিয়েছেন। এজন্য পিরোজপুর থেকে দক্ষ ডুবুরীও আনা হয়েছে। পাশাপাশি খুলনা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে সাবমেরিন ক্যাবল সহ আরো বিপুল সংখ্যক সরঞ্জামাদিও আনা হয়েছে মেহেদিগঞ্জ সংলগ্ন ধর্মগঞ্জ নদীর তীরে।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১’এর জেনারেল ম্যানেজার শুক্রবার বিকেল বলেন, আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছি। যে দুটি ক্যাবল মেরামত চলছে, তা দিয়েই আমরা রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা করছি। তবে এ কাজে সফল না হলে নদীর তলদেশে নতুন কেবল প্রতিস্থ্পান করে করে শনিবার সন্ধ্যা নাগাদ সরবরাহ করা যাবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঘটনাস্থলে রয়েছেন।
অপরদিকে বিদ্যুৎ ও জ¦ালানী উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের সচিব ছাড়াও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানও পুরো বিষয়টি সার্বক্ষনিকভাবে মনিটরিং করছেন।
বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসনও বিষয়টি নিয়ে সার্বক্ষনিক সহযোগীতা অব্যাহত রেখেছেন।
