4:36 pm , August 28, 2025
পরিবর্তন ডেস্ক ॥ সারাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের অসম্মান ও তিন দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে এবং বিএসসি প্রকৌশলীদের চক্রান্তের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ।গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মানববন্ধন ও সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু। সদস্য সচিব হিসেবে সমাবেশ পরিচালনা করেন মো. শাহিন মিয়া।উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইডিবির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, গণপূর্ত অধিদফতর বরিশাল জেলার উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আবুল বাসার, প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী খাদিজা আক্তার প্রমুখ।মানববন্ধন ও সমাবেশে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের তিন দফা দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবো।”
