অপসোনিনের দখলে থাকা ভাটার খালের অংশ উদ্ধার করলেন সিটি কর্পোরেশন অপসোনিনের দখলে থাকা ভাটার খালের অংশ উদ্ধার করলেন সিটি কর্পোরেশন - ajkerparibartan.com
অপসোনিনের দখলে থাকা ভাটার খালের অংশ উদ্ধার করলেন সিটি কর্পোরেশন

4:12 pm , May 7, 2025

বিশেষ প্রতিবেদক ॥ ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে নগরীর গোরাচাঁদ দাস রোডের ভাটার খালের অংশ দখল করে গড়ে ওঠা রাখা অপসোনিনের দেয়াল। ক্রমশ উম্মুক্ত হচ্ছে ঢেকে থাকা একটি লম্বা নালার মতো খালের অবয়ব। আশেপাশের বাসিন্দারা ছুটে এসে দেখছেন বছরের পর বছর ধরে আটকে থাকা ভাটার খালের গুরুত্বপূর্ণ একটা অংশ। বলা যায়, বন্দীদশা থেকে ক্রমশ মুক্ত হচ্ছে বরিশালের জলপ্রপাত। আর এজন্য প্রশংসায় ভাসছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক। সবাই বলাবলি করছেন, এতোকাল মেয়র-এমপিরা যা করতে পারেননি তা-ই করে দেখালেন বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার। গোরাচাঁদ দাস রোডের প্রবেশপথ থেকে অপসোনিন ব্রয়লার হাউজ বগুড়া রোডের প্রবেশপথ পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার খাল গত ২৫ বছর ধরে দখলে রেখেছিলো অপসোনিন কর্তৃপক্ষ। দখলকৃত এই খালের উপরই গড়ে তুলেছে তাদের শিল্প কারখানাসহ বহুতল ভবন। আর তাদের এই দখলদারিত্বে নিরবে সহযোগিতা দিয়ে গেছেন বিগত সময়ের জনপ্রিতিনিধিরা। যে কারণে শত চেষ্টা করেও নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে পারেনি বিগত সময়ের সিটি প্রশাসন।
সম্প্রতি সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার এর কঠিন পদক্ষেপে নগরীর খালগুলো পুনরুদ্ধার ও পরিচ্ছন্ন অভিযান চালানোর ফলে স্পষ্ট হয়েছে অপসোনিন এর এই দখলদারিত্বের চিত্র।  সরেজমিনে ৭ মে সকালে নগরীর গোরাচাঁদ দাস রোডের অপসোনিন বয়লার হাউজের প্রবেশপথ সংলগ্ন দেয়াল ভাঙতে দেখা গেছে সিটি করপোরেশনের কর্মীদের। এরপর দুপুরে এসে অপসোনিনের ভিতরটা নিজেই ঘুরে দেখেন বিসিসি প্রশাসক রায়হান কাওছার। তার সাথে ভিতরে প্রবেশ করে দেখা গেছে, এপ্রান্ত থেকে ওপ্রান্ত প্রায় ৫০০ মিটারের বেশি  খাল পুরোটাই দখল করে রেখেছিলো অপসোনিন। সিটি করপোরেশনের সার্ভেয়ার জানান, এটি বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ ভাটার খালের অংশ। এখানে প্রায় ৫০০ মিটার খাল দেয়াল ও ভবন তুলে অপসোনিন দখল করে রেখেছে।
অপসোনিনের একজন কর্মকর্তা বলেন, এখানে মূলত তাদের ওষুধ কোম্পানির স্টীম ইঞ্জিন বা বয়লার মেশিনগুলো রয়েছে। তবে এগুলো এখন আর ব্যবহার হয়না।
ব্যবহার না হলেও এগুলো পরিত্যক্ত নয় বলে দাবী করে কয়েকজন এলাকাবাসী বলেন, আগে কোনোদিন এই ভবনের ভিতর প্রবেশের সুযোগ হয়নি। দেয়াল ভেঙে দেওয়ায় এই প্রথম ভিতরটা দেখার সুযোগ হলো। ক্ষমতা থাকলে মানুষ কিনা পারে তার প্রমাণ আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমুর এই অপসোনিন।
আরেকজন বাসিন্দা বলেন,  লোকালয়ের ভিতরে এরকম ভারী বয়লার হাউজ অনুমোদন এবং এভাবে যুগ যুগ ধরে খাল দখল করে রাখার পরও বরিশালে অপসোনিন এর বিরুদ্ধে এতোদিন কেউ কোনো কথা বলেনি।
নগরবাসী এসময় বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপসোনিনের ভিতর খাল পুনরুদ্ধারের কাজ তদারকি শেষে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেন, আমি কারো বিরুদ্ধে অভিযোগ বা জরিমানা করছি না। সিটি করপোরেশনের খাল পুনরুদ্ধার করে সেখানে জলস্রোত তৈরি আমার প্রধান লক্ষ্য। এজন্য অপসোনিন কর্তৃপক্ষসহ বরিশালের নাগরিকদের সহযোগিতা চেয়েছি। তারা বেশিরভাগ মানুষই আমাকে সহযোগিতা দিচ্ছেন। এজন্য তাদের আমি ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, সিটি করপোরেশনের জায়গা প্রয়োজনে পড়ে থাকবে। আমরা তা পরিচ্ছন্ন রাখি বা না রাখি সেটা আমরা বুঝবো। সেখানে কোনোরকম ভোগদখল চেষ্টা বা বাধা বরদাস্ত করা হবেনা। খাল পুনরুদ্ধারে খালের সীমানাও পরিষ্কার করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT