2:37 pm , April 27, 2025
আরিফুর রহমান, ববি প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার মনিরুল ইসলাম এর অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এসময় রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ ও কক্ষে তালা মারেন আন্দোলনকারীরা।
গতকাল রোববার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের সামনে কুশপুত্তলিকা দাহ ও পরে রেজিস্ট্রার কক্ষে তালা দেয় তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত রেজিস্ট্রারের অপসারণের দাবি জানান। দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদের দোসররা অধ্যাপক ড. মহসিন উদ্দীন স্যারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে এবং তাকে একাডেমিক ও সিন্ডিকেট থেকে অব্যাহতি দিয়েছে। আমরা কিছুদিন যাবৎ আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার এবং প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় বডি আমাদের কোনো পাত্তা দিচ্ছে না। তারই ফলাফলস্বরুপ আজকে রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত এর সুষ্ঠু সমাধান না হবে আমরা এই তালা খুলবো না এবং খুলতেও দিবো না।
কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী স্বপ্নিল অপূর্ব রকি বলেন, রেজিস্ট্রার মনিরুল নারী কেলেঙ্কারিতে জড়িত এবং মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলো। এসব কর্মকা-ে জড়িত থাকার পরেও তাকে একটি গুরুত্বপূর্ণ পদে বহাল করা হয়েছে। সেই বহাল থেকে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
এর আগে, গত ২৪ এপ্রিল রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণসহ চারদফা দাবিতে দুইদিনের আল্টিমেটাম দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
