4:40 pm , April 11, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ প্রেমিকার ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মাসুদুর রহমান (৪৫)। তিনি নগরীর নতুন বাজার টেম্পুস্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। মাসুদের পরিবারের অভিযোগ বুধবার প্রেমিকা কৌশলে তাকে বাসায় ডেকে নিয়ে ছুড়ি দিয়ে আঘাত করেন। ঐদিন রাতেই তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।
মাসুদুর রহমানের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। তার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে তিনি কলেজ রো এলাকার শওকত মোল্লার মেয়ে শান্তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। শান্তা তাকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিল। বিষয়টি তিনি বুঝতে পারেননি। বুধবার বেকারির মালামাল আনার জন্য ২ লক্ষ টাকা নিয়ে তিনি রওনা হলে শান্তা ফোন করে তাকে বাসায় ডাকে। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেয়ার জন্য জোরাজুরি করলে মাসুদুর রহমান দিতে অস্বীকৃতি জানায়। এসময় শান্তা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয়রা আমাদের খবর দিলে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় আমার ভাই মাসুদকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার আমরা হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। তখন হামলার শিকার মাসুদুর রহমান মৃত্যুর পূর্বে জানান ‘তিনি জুতার র্যাক থেকে পড়ে গিয়ে কাঁেচর কোন জিনিসে পেটে আঘাত পেয়েছেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না। ওসি মিজান বলেন, মাসুদুর রহমানের সাথে শান্তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদুর রহমান বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে সেহেতু আমরা এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
