3:08 pm , March 20, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাবো। নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান কিংবা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত বরিশাল মহানগর জাতীয় নাগরিক পার্টির ইফতার ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত দিয়ে নাহিদ বলেন, আমরা ন্যূনতম সংস্কারের কথা বলছি। ন্যূনতম সংস্কার বলতে কিছুই নেই। আমাদের মৌলিক ও গুনগত সংস্কার করতে হবে এবং এ সংস্কার বর্তমান সরকারের অধীন হতে হবে। মানুষ রক্ত দিয়ে বর্তমান সরকারকে এনেছে পরিবর্তনের জন্য বিচারের জন্য। সেই ওয়াদা বর্তমান সরকার এবং আমাদের রয়েছে। যে সময়সীমা রয়েছে তার মধ্যে সংস্কার এবং দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যেতে পারবো। তিনি বলেন, গণঅভূত্থানের শক্তির সাথে আপোষ করে কোন রাজনৈতিক দলের সাথে আমরা সমঝোতায় যাবো না। আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে জুলাই গনঅভ্যূত্থান, শহীদদের আকাংখা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের আকাংখা। দেশ থেকে দুর্নীতি ও চাঁদাবাজি দূর করতে বিকল্প একটি রাজনৈতিক দল খুবই জরুরী দাবী করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা নতুন একটি রাজনৈতিক দল করেছি যার নাম জাতীয় নাগরিক পার্টি। এই রাজনৈতিক দলটিকে আমরা জনতার দল, সাধারণ মানুষের দল হিসাবে তৈরি করতে চাই। নাগরিক পার্টি হবে সাধারণ মানুষের পার্টি। বরিশাল ক্লাব মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত ইফতার ও দোয়া-মোনাজাত শেষে নাহিদ ইসলাম আরো বলেন, আমি বিশ্বাস করি এই বরিশাল হবে নাগরিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাটি। দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী ডা: তাসনিম জারা, এসএম শাহরিয়ার, আব্দুল হান্নান মাসুদ, ডা: মাহমুদা মিতু সহ বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট ও বরিশাল জেলা মহানগর নেতৃবৃন্দ । এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বরিশালের আমীর মাওলানা সালাহ উদ্দিন।
