জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই -জামায়াত আমীর জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই -জামায়াত আমীর - ajkerparibartan.com
জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই -জামায়াত আমীর

3:57 pm , March 17, 2025

ঝালকাঠির শহীদ সেলিমের শিশুর দায়িত্ব নিলেন জামায়াত আমীর

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে এক পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আন্দোলনে অনেকে আহত হয়েছে, অনেকে জীবন হারিয়েছেন। অনেকে হাত হারিয়েছেন পা হারিয়েছেন। চোখ হারিয়ে হাসপাতালের বেডে কেউবা বাড়ির বিছানায় কাতরাচ্ছেন। এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, সেই ছাত্র জনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহতালা তাদের সবাইকে সুস্থ ও ভালো রাখুক। এই ঘটনায় যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত দেখতে চাই। এই খুনিদের যথাযথ বিচার বাংলাদেশের পেনাল কোর্ট অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দাবি করছি। গড়িমসি করে টাইম ক্ষেপন করা নয়। স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সকলকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই। সোমবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, অবিলম্বে সেলিম তালুকদারের হত্যাকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার নিয়ে কোন সময়ক্ষেপন মেনে নেয়া হবেনা। আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচিত করলে জামায়াত নেতাদের দুনিয়ায় সম্পদ বৃদ্ধি পাবেনা বরং আখেরাতের সম্পদ বাড়বে। ঝালকাঠি জেলা আমীর হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুয়াযযম হোসাইন হোসেন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী শফিকুর ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার ও ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম।
পথসভা শেষে ছাত্র আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের সদ্য জন্ম নেয়া শিশুকন্যাকে দেখার জন্য শহরের কৃষ্ণকাঠি এলাকায় যান আমীর। এ সময় তিনি বলেন, এই সন্তান জাতির সম্পদ। রমজান মাসে জন্মগ্রহণ করায় এবং তার বাবার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুটির নাম সাইমা সেলিম প্রস্তাব করেন, যা পরিবারের সদস্যরা গ্রহণ করেন। শিশুটির লালন-পালন, শিক্ষা ও ভবিষ্যতে তার বিবাহসহ যাবতীয় ব্যয়ভার দলটি বহন করবে।
গত জুলাই মাসে গুলিবিদ্ধ হন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সেলিম তালুকদার। পরে চিকিৎসাধীন অবস্থায় ১আগষ্ট   তিনি মৃত্যুবরণ করেন।  গত ৯ মার্চ শহীদ সেলিমের স্ত্রী সুমি আকতার ঝালকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে কন্যা সন্তানের জন্ম দেন। এই নবজাতককে দেখতেই মূলত জামায়াত আমীর শফিকুর রহমান সোমবার হেলিকপ্টারযোগে ঝালকাঠি আসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT