4:27 pm , May 20, 2024
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতি কেন্দ্রে বিএনপির জেলা প্রতিনিধি উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করবে। গত ১৯ মে জেলা বিএনপির সদস্য সচিব মো: শাহাদাত হোসেন স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে “আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি এবং নলছিটি উপজেলায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে, কতিপয় নেতাকর্মী গোপনে প্রহসনের উপজেলা পরিষদ নির্বাচনে কোন কোন প্রার্থীকে সমর্থন দিচ্ছেন এবং নির্বাচন কর্মকান্ডে যুক্ত হচ্ছেন। এই নির্বাচনে ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্র এলাকায় ঝালকাঠি জেলা বিএনপি’র প্রতিনিধি উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করবে। নির্বাচনে ভোট প্রয়োগের জন্য ভোট কেন্দ্রে দলের নেতাকর্মী কেউ উপস্থিত হলে কিংবা কোন প্রার্থীকে সহযোগীতা করার বিষয় প্রমান পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন বলেন, কেন্দ্রীয় বিএনপি’র নীতি নির্ধারকদের সিদ্ধান্ত মোতাবেক এ নোটিশ প্রদান করা হয়েছে। এটি নিজস্ব কোন সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা শাখার পক্ষ থেকে এ ধরনের নোটিশ দেয়া হয়েছে।
