4:00 pm , February 7, 2026
মুলাদী প্রতিবেদক ॥
মুলাদী উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বিজয়ী করতে মরিয়া বিএনপির নেতাকর্মীরা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা, গণসংযোগ ও সভা-সমাবেশ। উপজেলার গ্রাম থেকে শুরু করে হাট-বাজার, পাড়া-মহল্লা—সবখানেই লক্ষ্য করা যাচ্ছে দলীয় নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি। হারানো দুর্গ ফিরে পেতে মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী স্থানীয় নেতারা ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি তুলে ধরা হচ্ছে দলের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা।
সফিপুর ইউনিয়ন বিএনপি নেতা একান্দার আলী বাঘা জানান, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় সবাই আশাবাদী। সেই লক্ষ্যেই নেতাকর্মীরা সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে কাজ করছেন।
মুলাদী উপজেলা বিএনপির সদস্য মশিউর রহমান মাসুদ বলেন, “মুলাদী উপজেলা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিলো। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি এই আসনে জয়লাভ করতে পারেনি। হারানো আসন ফিরে পেতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছি। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে বলে আমরা বিশ্বাস করি।”
এদিকে বিভিন্ন এলাকায় পথসভা, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা জোরদার করা হয়েছে। তরুণ ও ছাত্রদলের কর্মীরাও সক্রিয়ভাবে এতে অংশ নিচ্ছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই গুরুত্ব দিচ্ছেন। এসব বিষয়কে সামনে রেখেই ভোট দেবেন বলে জানিয়েছেন অনেকেই। বিএনপি প্রার্থী মীরগঞ্জ ও আবুপুর সেতু, হাসপাতালে শতভাগ চিকিৎসা সেবা, রাস্তাঘাট উন্নয়নে অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। বিএনপির অনেক নেতাকর্মীদের ধারণা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে পারেন। সেক্ষেত্রে মুলাদী উপজেলায় বেশি উন্নয়ন হওয়ার সম্ভাবনা রয়েছেন।
