4:30 pm , February 2, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সরকারি কর্মচারীদের উদ্দেশে বলেছেন, জাতীয় নির্বাচনে আপনাদের নিরপেক্ষ হয়ে দায়িত্ব পালন করতে হবে। কোন দলের পক্ষে থেকে নির্বাচনের দায়িত্ব পালন এবং উপর মহলের কোন অবৈধ আদেশ মানা যাবে না। আপনারা রাষ্ট্রের কর্মচারী হয়ে কোন প্রকার রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা কষ্টকর হয়ে পড়বে। তাই নির্বাচনী দায়িত্ব পালনে আপনাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে রির্টানিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণের জন্য অধীনস্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিয়ত নির্দেশনা প্রদান করতে হবে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে সততা, দক্ষতা ও নিরপেক্ষতা যাতে বজায় থাকে সে ব্যাপারে নজর দিতে হবে। যেসকল কর্মকর্তারা ফ্যাসিস্ট আমলে দায়িত্ব পালন করেছিল এবং দলকানা ও বিতর্কিত তাদেরকে নির্বাচনের দায়িত্বে সম্পৃক্ত করা যাবে না।
আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্ব হবে নির্বাচনের মূলশক্তি। যারা নির্বাচনে অবহেলা করবেন তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, সরকারি কর্মকর্তারা কোন ব্যাক্তি বা দলের পক্ষ থেকে রান্না করা খাবার গ্রহণ করতে পারবেন না। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সরকার আপনাদের যে টাকা দিচ্ছে, সে টাকা থেকেই আপনারা নিজেদের খরচ বহন করবেন।
তিনি আরও বলেন, এবার একটি ভায়োলেন্স মুক্ত নির্বাচনের আয়োজন করতে হবে। সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো রকম আপোস করা হবে না। এছাড়া নির্বাচনে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নির্বাচনী সুরক্ষা অ্যাপস্-২০২৬। এ অ্যাপসের সাথে সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও রিটার্নিং কর্মকর্তারা সংযুক্ত থাকবে। এটি তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকারে ভূমিকা রাখবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো: জিয়াউল হক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিশেষ অতিথির বক্তৃতা করেন।
