3:17 pm , October 16, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জের জয়নগর ইউনিয়নের জেলেদের মাঝে বরাদ্ধ চালের অর্ধেকেরও কম পরিমান দেয়ার অভিযোগ উঠেছে। রোববার এ চাল বিতরণ করা হয়। ইউপি সদস্য ও জেলেদের অভিযোগ বরাদ্ধ হওয়া ২৫ কেজি চালের পরিবর্তে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। তাদের অভিযোগ ইউপি চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার ও ট্যাগ অফিসার আনসার ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেন দুর্নীতির মাধ্যমে কম চাল দিচ্ছেন।
ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য টিপু বেপারী জানান, তার ওয়ার্ডে ১১৮ জন জেলের কার্ড রয়েছে। তাদের মাঝে বিতরণের জন্য বরাদ্ধ ২ হাজার ৯৫০ কেজি চাল। কিন্তু চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার দিয়েছেন মাত্র ১ হাজার ১৫০ কেজি চাল।
ইউপির ৭ নং ওয়ার্ড সদস্য আনিস মল্লিক জানান, তার ওয়ার্ডের ৪ জেলের অনুকূলে ১০০ কেজি চাল বরাদ্ধ হয়েছে। কিন্তু চারজনকে দেয়া হয়েছে ৫০ কেজি চাল।
ইউপির ৫ নং ওয়ার্ডের জেলে হারুন হাওলাদার, মোস্তফা হাওলাদার, সোহরাব বেপারী, জহুর বেপারী ও টিপু বেপারীকে ৫০ কেজির এক বস্তা চাল দেয়া হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার বলেন, আমার ৮০০ জেলে কার্ড আছে। কিন্তু বরাদ্ধ পেয়েছি ৬৫৯ কার্ডের চাল। তাই একটু কম দিয়েছি।
ট্যাগ অফিসার আলমগীর হোসেন বলেন, একজন জেলের জন্য কত কেজি করে চাল বরাদ্ধ আমি জানি না। আমি বলেছি ২০ কেজি করে চাল দিতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরন্নবী বলেন, প্রতি জেলে কার্ডে ২৫ কেজি চাল বরাদ্ধ। কম দেওয়ার সুযোগ নেই। চাল কম দেয়ার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
